‘যা করেছি তা, দরকার হলেই আবার করব’, বিতর্কের মাঝেই ফের বিতর্ক উস্কে দিলেন কবীর

ফের ব্যাপক বিতর্কে জড়িয়েছেন কবীর সুমন। এই বিতর্কের মাঝেই ফের বিতর্ক আরও উস্কে দিয়ে তিনি বলেই দিলেন, “ফোনে, হোয়াটস্যাপে স্বাভাবিক ভাবেই আমি আক্রান্ত। এটাই হওয়ার কথা। আরও হবে। আমার যায়-আসে না। যা করেছি তা, দরকার হলেই, আবার করব”।

বলে রাখি, এক বাংলা নিউজ চ্যানেলের এক সাংবাদিকের সঙ্গে কবীর সুমনের ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়া থেকেই শুরু বিতর্ক। এই অডিওতে যে কণ্ঠটি শোনা গিয়েছে, তা কবীর সুমনের সঙ্গে মেলে। আর পরবর্তীতেও তিনি স্বীকার করে নিয়েছেন যে ওই কণ্ঠস্বর তাঁরই ছিল।

এই অডিও ক্লিপে কবীর সুমনকে ওই সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। নানান কটূক্তি করেন তিনি। এমনকি, ওই চ্যানেলকে আরএসএস-এর চ্যানেল বলেন ও বাঙালি সম্বন্ধেও নানান কুরুচিকর মন্তব্য করেন কবীর সুমন। তাঁকে এও বলতে শোনা যায় তাঁর এই কথা যেন ব্রডকাস্ট করা হয়। এরপরই ভাইরাল হয় এই অডিও ক্লিপ।

এই নিয়ে নানান মহলেই চর্চা শুরু হয়। এর আগে কবীর সুমন অভিযোগ এনেছিলেন যে ওই চ্যানেলের কর্তারা প্রবীণ গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়কে মেরে ফেলেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়কে ‘পদ্মশ্রী’ সম্মান দিতে চেয়ে কেন্দ্রীয় সরকার অন্যায় করেছে। এতে গায়িকার অপমান হয়েছে ও এই কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আর ঘটনাচক্রে এরপরই করোনায় আক্রান্ত হন সন্ধ্যা মুখোপাধ্যায়।

এরপর ফোনের ওই কথোপকথন নিয়ে আজ, শনিবার একটি পোস্ট করে কবীর সুমন। এই পোস্টে তিনি লিখেছেন, “আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, কিছুর পক্ষে যুক্তি দিতে যেও না। তোমার বন্ধুদের তা দরকার পড়বে না। তোমার শত্রুরা তা বিশ্বাস করবে না। সাংবাদিক, সংবাদমাধ্যম, শিল্পীর কোনও আলাদা স্বাধীনতা থাকতে পারে বলে মনে করি না। যে কোনও মানুষের যে অধিকার, তাদের অধিকার ততটাই। একটি বিশেষ চ্যানেল ও তার সাংবাদিকরা দিনের পর দিন যা করে যাচ্ছে, তার জবাব দিয়েছি উপযুক্ত ভাষায়। সুরসম্রাজ্ঞীর অপমানের বিরুদ্ধে যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে কোন চ্যানেলের কোন সাংবাদিক কী করেছে, বলেছে আমি ভুলিনি”।

তারপর কবীর সুমন লিখেছেন, “সারা দুনিয়ায় সংবাদমাধ্যম ও সাংবাদিকরা তাদের ইচ্ছেমতো পথে চলে। যে কোনও উপায় নেয়। যার হাতে চ্যানেল-কাগজ কিছু নেই, সে-ও তার ইচ্ছেমতো উপায় নেবে। এ বিষয়ে যাঁদের আগ্রহ, জার্মান কাহিনীকার হাইনরিশ্ ব্যোল্-এর লেখা The Lost Honour of Katharina Blum উপন্যাসটি পড়ুন। বইটি পড়া দরকার। এক প্রাক্তন সাংবাদিক ও নিয়মিত পাঠক হিসেবে বলছি”।

পোস্টের শেষে কবীর সুমন শেষ লিখেছেন, “জয় বাংলা, জয় বাংলা খেয়াল, জয় সুরসম্রাজ্ঞী সন্ধ্যা মুখোপাধ্যায়” লিখে। তার ঠিক আগেই লিখেছেন, “ফোনে, হোয়াটস্যাপে স্বাভাবিকভাবেই আমি আক্রান্ত। এটাই হবার কথা। আরও হবে। আমার যায় আসে না। যা করেছি তা, দরকার হলেই, আবার করব”।

উল্লেখ্য, কবীর সুমনের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিজেপির তরফে পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের কাউন্সিলর সজল ঘোষ জানান যে কবীর সুমনের এই ‘অভব্য’ আচরণ ও তাঁর ‘অশ্রাব্য’ ভাষার বিরুদ্ধে মুচিপাড়া থানায় তারা অভিযোগ জানাবেন।

RELATED Articles