ঠিক যেন কোনও সিনেমার কাহিনী। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে দুঃখে-কষ্টে চরম পদক্ষেপ নিয়ে বসেন মন ভাঙা প্রেমিক। নিজের জীবন শেষ করে মতো সিদ্ধান্ত নিয়ে থাকেন অনেকেই।
তবে এবার রিয়েল লাইফেও উঠে এল এরকমই এক কাহিনী। বউদির সঙ্গে যুবকের দু’বছরের প্রেমের সম্পর্ক। মহিলা বিবাহিতা, সম্পর্কে বউদি হন জেনেও ওই মহিলাকেই ভালবেসেছিলেন যুবক। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক অস্বীকার করেন বউদি। প্রত্যাখ্যান করেন ওই যুবকের ভালোবাসা। এরপরই এক চরম পদক্ষেপ নেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।
জানা গিয়েছে, আজ, রবিবার শান্তিপুরের কালনা ঘাট থেকে একটি ভেসেলে ওঠেন ওই যুবক। ভেসেল ছাড়ার পর কিছুদূর এগোতেই আচমকাই গঙ্গায় ঝাঁপ দেয় ওই দেওর। তাঁকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে ভেসেলের মাঝিরাও।
বেশ কিছুক্ষণের চেষ্টায় গঙ্গা থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। পাড়ে তোলা হয় তাঁকে। এরপর ওই যুবক জানায় যে এক বউদির সঙ্গে তাঁর দু’বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এই মহিলা সেই সম্পর্ক অস্বীকার করে তাঁর প্রেম প্রত্যাখ্যান করেন। মানসিক অবসাদে তাই আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই যুবক।
এরপর কালনা ঘাটে কর্তব্যরত সিভিক পুলিশ ওই যুবককে প্রাথমিক ভাবে সুস্থ করার চেষ্টা করেন। সূত্রের খবর অনুযায়ী, ওই যুবকের বাড়ি বর্ধমান জেলার সুলতানপুর এলাকায়। পুলিশই যুবকের পরিবারের কাছে খবর দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।





