বগটুইয়ের ছায়া এবার কালিয়াচকে, তীব্র বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, মৃত চার বছরের এক শিশু

বগটুই ঘটনার রেশ এখনও কাটে নি। আর এরই মধ্যে সেই একই ধরণের ঘটনা ঘটল মালদার কালিয়াচকে। তীব্র বিস্ফোরণের জেরে উড়ে গেল বাড়ি। এই ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু খবর মিলেছে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের নয়াগ্রামে।

সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে বিস্ফোরণ হওয়া ওই বাড়িতে চলছিল রান্নাবান্নার কাজ। এই সময় বাড়িতে ছিলেন ছ’জন মতো বাসিন্দা। রান্না করতে করতে কোনও দরকারে উঠে যান এক মহিলা। সেই সময় সেখানে ছিল চার বছরের এক শিশু পারভেজ আক্তার।

জানা গিয়েছে, মহিলা উঠে যাওয়ার পরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে ওই বাড়িতে। বিস্ফোরণের জেরে উড়ে যায় পাকা বাড়ির ছাদ। এই বিস্ফোরণের জেরে মাথায় আঘাত লাগে ওই শিশুটির। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে হলে পথেই মৃত্যু হয় শিশুটির।

এদিকে বিস্ফোরণের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই বাড়িটি। পরিবারের দাবী, গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। কিন্তু সেই দাবী মানতে নারাজ তদন্তকারী আধিকারিকরা। তাদের মতে, গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের জেরে এমন মারাত্মক প্রভাব পড়া সম্ভব নয়। তাহলে আসল ঘটনা কী? বাড়ছে রহস্য।

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচক থানার আইসি ও মালদহের ডেপুটি পুলিশ সুপার। গোটা বাড়িকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আদৌ গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ নাকি বাড়িতে কোনও বিস্ফোরক মজুত করা ছিল, তা নিয়ে চলছে তদন্ত।

বলে রাখি, বোমা-বিস্ফোরণের সঙ্গে কালিয়াচকের নাম বরাবরই জরিত। চলতি বছরের জানুয়ারি মাসেই কালিয়াচকের লোকালয়ের মধ্যে থেকেই উদ্ধার হয় এক ব্যাগ বোমা। ওই এক সপ্তাহের মধ্যেই এক বাড়ির পাশ থেকে আবার ব্যাগ বোঝাই বোমা উদ্ধার হয়। বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দেন যাতে রাজ্যের নানান প্রান্তে লুকিয়ে রাখা বোমা ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। সেই অনুযায়ী তল্লাশি শুরু করে গতকাল, শুক্রবার বীরভূম, মেদিনীপুরের নানান প্রান্ত থেকে তাজা বোমা উদ্ধার করা হয়। কালিয়াচকের এই বাড়িতেও সেরকমই কোনও বোমা মজুত ছিল কী না, তা নিয়ে বাড়ছে সন্দেহ।

আরও অন্যান্য খবর