আজ, শুক্রবার প্রকাশিত হয়েছে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। বেলা ১১টার সময় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
এদিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন শুরু করেন। প্রথমেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারিম ও পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংসদ সভাপতি এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে জানান যে এই প্রথমবার পরীক্ষা হোম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে উচ্চমাধ্যমিক। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কোনও অভিযোগ আসেনি বলে জানান তিনি। পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও কোনও অভিযোগ ওঠেনি বলে দাবী সংসদ সভাপতির। তিনি এও জানান যে এর আগে কখনও পরীক্ষার মাত্র ৪৪ দিনে ফল প্রকাশ করা হয়নি।
এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় মোট ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ পড়ুয়া। এর মধ্যে মোট পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ।
এবছরের উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে দিনহাটার ছাত্রী অদীশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। শতাংশের নিরিখে ৯৯.৬ শতাংশ। দ্বিতীয় স্থান পেয়েছে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তার প্রাপ্ত নম্বর ৪৯৭ যা শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ। এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন মোট চার জন পড়ুয়া। তারা হল রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।
পাশের হারের দিক থেকে দেখতে গেলে তালিকায় সর্বপ্রথম রয়েছে পূর্ব মেদিনীপুরের নাম। করোনা পরিস্থিতির কারণে গত দু’বছরে শিক্ষার ক্ষেত্রে নানান পরিবর্তন এসেছে। একদিকে অনলাইন পঠনপাঠনের সঙ্গে পরিচিতি হয়েছে পড়ুয়াদের, তেমনই পরীক্ষার ক্ষেত্রেও নানা পরিবর্তন হয়েছে। সাংসদ সভাপতি জানান যে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশ বড়সড় বদল আসতে চলেছে।
জানা গিয়েছে, আগামী বছর শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৪ মার্চ থেকে। আর পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ।






