ভাঙনের মুখে উদ্ধব সরকার? বিজেপির কাছে হারতেই ২২ জন বিধায়ককে নিয়ে ‘গায়েব’ শিবসেনা নেতা তথা মন্ত্রী একনাথ শিন্ডে

মহা সংকটে শিবসেনা। প্রায় ২২ জন বিধায়ককে নিয়ে কার্যত ‘গায়েব’ মহারাষ্ট্রের নগরোয়ন্ন মন্ত্রী একনাথ শিন্ডে। এহেন ঘটনায় মহারাষ্ট্রের রাজনীতিতে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গতকাল, সোমবার মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে শিবসেনার বিধায়কদের বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগের পর পরই বিধায়কদের নিয়ে গায়েব হয়ে গিয়েছেন শিন্ডে। ওই বিধায়করা সুরাটের একটি হোটেলে রয়েছেন বলে সূত্রের খবর।

ফোনে শিন্ডের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সূত্রের খবর, শীঘ্রই হয়তো সাংবাদিক বৈঠক করতে পারেন ওই নেতা। ঠাণের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শিন্ডে। দলীয় সংগঠন মজবুত করতে তাঁর বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন শিবসৈনিকদের একাংশ।

যদিও এই খবর রটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সঞ্জয় রাউত দাবী করেছেন যে ইতিমধ্যেই হদিশ পাওয়া গিয়েছে একনাথ শিন্ডের। তাঁর বক্তব্য, “রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো এখানেও চক্রান্ত করা হচ্ছে। উদ্ধব ঠাকরে সরকার ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র রচনা করা হয়েছে। তবে শিবসেনা দলের নেতারা সকলেই অনুগত। তাঁরা সকলেই আনুগত্য বজায় রাখবে”।

প্রসঙ্গত, বিধান পরিষদ নির্বাচনে পাঁচটি আসনে জয় পেয়েছে বিজেপি। শিবসেনা ও এনসিপি দু’টি করে আসনে জিতেছে। এই নির্বাচনে পাঁচ প্রার্থীকে দাঁড় করিয়েছিল বিজেপি। অন্যদিকে, ১০টি বিধান পরিষদ আসনের জন্য মহারাষ্ট্র বিকাশ আগাড়ির ছ’জন প্রার্থী লড়েছিলেন। জয় লাভের পর বিজেপির প্রবীণ দারেকর বলেন, ‘‘আমরা খুবই খুশি। বিজেপির উপর আস্থা রেখেছে মহারাষ্ট্র। ১০০ শতাংশ নিশ্চিত যে শিবসেনা ও কংগ্রেসের মধ্যে ক্রস ভোটিং হয়েছিল। না হলে আমরা এত সংখ্যক ভোট পেতাম না”।

অন্যদিকে, ক্রস-ভোটিংয়ের অভিযোগ ওঠার পরই দলের সমস্ত বিধায়ককে নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে। প্রায় ২০ জন বিধায়ক ক্রস ভোটিংয়ে অংশ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে, শিন্ডে তাঁর দলবল নিয়ে সুরাটের একটি হোটেলে আশ্রয় নেওয়ার খবর নিয়ে সাবধানে পা ফলতে চাইছে বিজেপি। নারায়ণ রানে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি। যদিও মহারাষ্ট্র বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে একনাথ শিন্ডে সহ ২২ জন শিবসেনা বিধায়কের পাশাপাশি অন্যদলের আরও পাঁচ বিধায়ক সেই হোটেলেই আছেন।

RELATED Articles