‘বড় নেত্রীদের খোঁজখবর আমি রাখি না’, রূপা গঙ্গোপাধ্যায়ের দলবদলের জল্পনা নিয়ে প্রশ্ন করতেই সটান বললেন দিলীপ ঘোষ

গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি নিয়ে বেশ হইচই পড়ে যায়। একই ফ্রেমে দেখা যায় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে (Kunal Ghosh)। আর এরপর থেকেই রূপা গঙ্গোপাধ্যায়ের দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। এবার এই বিষয় নিয়ে বিজেপি (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই নিয়ে তিনি কোনও খোঁজখবর রাখেন না।

আজ, বুধবার আন্দামানে যাচ্ছেন দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে তাঁকে রূপা গঙ্গোপাধ্যায়ের দলবদলের জল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময় বিজেপি সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “‌রূপা গঙ্গোপাধ্যায় তৃণমূলে যোগদান করবেন কিনা সেটা উনি বলতে পারবেন। আমার জানা নেই। আমি বলতে পারব না। কোনও বড় নেতা–নেত্রীর খোঁজ খবর আমি খুব একটা রাখি না। আমারটা আছে বলুন”।

বরাবরই ঠোঁটকাটা নেত্রী হিসেবেই পরিচিত রূপা গঙ্গোপাধ্যায়। নানান সময় সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট করে বিতর্কে জড়ান তিনি। আর জেরে তাঁর দলকে মাঝেমধ্যে অস্বস্তিতেও পড়তে হয় বই কী! এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, “আমি জানি না। আমি কাউকে গালাগাল করি না। যে যার মনের ব্যাপার। মনকে ঠিক করুন। কে, কোথায় থাকবেন, কোথায় যাবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমরা যে পার্টিটা করছি সেটাই মন দিয়ে করব”।‌

বিজেপি নেত্রীর সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “‌একটি অনুষ্ঠানে দেখা হয়ে গিয়েছিল বিজেপি নেত্রীর সঙ্গে। উনি আমার দিদির মতো। দেখা হওয়ায় স্বাভাবিকভাবেই কথাবার্তা হয়েছে। তবে সেখানে নেহাতই সৌজন্যমূলক কথা বার্তা হয়েছে। এটার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই”

অন্যদিকে, কুণাল ঘোষের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়ও। কুণালবাবুর ভূয়সী প্রশংসা করেন তিনি। জানান যে একটি অনুষ্ঠানে আচমকাই দেখা হয়েছে তাঁর সঙ্গে কুণালের। রূপা গঙ্গোপাধ্যায় এও জানান যে তিনি কুণাল ঘোষকে রাজ্যের নানান বিষয়ে বাঁশ কিছু প্রশ্ন করেছেন, আর সেসবের উত্তরও পেয়েছেন তিনি।

RELATED Articles