হাসপাতালের জেনারেল ওয়ার্ডেই ভর্তি করোনা আক্রান্ত রোগী, হাতে স্যালাইন নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে এলেন বাকি রোগীরা, শোরগোল পানিহাটি হাসপাতালে

এক ভয়াবহ অভিযোগ উঠল পানিহাটি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের জেনারেল ওয়ার্ডেই ভর্তি করা হল এক করোনা আক্রান্ত রোগীকে। এর জেরে আতঙ্ক ছড়ায় ওই ওয়ার্ডের মধ্যে। আতঙ্কের জেরে মাঝরাতেই হাতে স্যালাইনের বোতল নিয়ে ওয়ার্ডের বাইরে বেরিয়ে আসেন বাকি রোগীরা। এর জেরে হাসপাতাল চত্বরে হইচই পড়ে যায়।

করোনা অতিমারির সময় পানহাটি হাসপাতালে চালু হয় কোভিড বিভাগ। পরবর্তীতে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলে  ওই হাসপাতাল থেকে কোভিড ওয়ার্ড তুলে দেওয়া হয়। সাধারণ রোগীদের জন্যই ফের খুলে দেওয়া হয় উত্তর ২৪ পরগণার এই হাসপাতাল।

অভিযোগ, বরানগরের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ দাস‌ নামের এক করোনার রোগীকে পানিহাটি হাসপাতালের মহিলা জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জেনারেল ওয়ার্ডে এভাবে করোনার রোগী ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগীরা। এর জেরে মাঝরাতেই তারা হাতে স্যালাইনের বোতল নিয়ে ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে আসেন। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে।

হাসপাতালের জেনারেল ওয়ার্ডে একজন করোনার রোগীকে কেন ভর্তি করা হল, সেই নিয়ে ওঠে প্রশ্ন। এই ঘটনায় বিক্ষোভ দেখিয়ে হাতে স্যালাইনের বোতল নিয়েই ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে আসেন ওই ওয়ার্ডে থাকা অন্যান্য মহিলা রোগীরা। মহিলা ওয়ার্ডের মধ্যে প্রসূতি মা ও সদ্যজাত শিশুরাও রয়েছে। তা জানা সত্ত্বেও হাসপাতালের জেনারেল ওয়ার্ডেই একজন করোনার রোগীকে ভর্তি করানোর অনুমতি কীভাবে দিলেন ইমার্জেন্সিতে থাকা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, মহিলা ওয়ার্ডের মধ্যে সদ্য প্রসূতি থেকে শিশু সবাই থাকে। সেখানে করোনার রোগীর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। সেখানে একজন করোনার রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে ভর্তির অনুমতি দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগীরা। যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

RELATED Articles