ফের একবার দুর্ঘটনার কবলে পড়লেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের কনভয়ে থাকা পুলিশের গাড়িতে লরির ধাক্কা। গতকাল, সোমবার রাত ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটে কালিকাপুর এলাকায়। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে লরির চালকের বিরুদ্ধে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির বেশ ক্ষতি হয়েছে। লরির চালককে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
গতকাল, সোমবার রাতে কালিকাপুর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, তাঁর গাড়ির পিছন দিকে থাকা পুলিশের গাড়িতে পাশাপাশি ধাক্কা মারে একটি লরি। এর জেরে পুলিশের গাড়িটির লুকিং গ্লাস ভেঙে যায়।
এরপরই বিরোধী দলনেতার কনভয়ে থাকা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা নেমে এসে লরিটিকে আটক করে। সেখানে পৌঁছয় স্থানীয় সার্ভে পার্ক থানার পুলিশও।

সূত্রের খবর, লরির চালকের নাম রাম নারায়ণ। তাকে গ্রেফতার করেছে পুলিশ। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে ওই চালকের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের অভিযোগ, ওই লরির চালক ম’দ্য’প অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ব্রেথ অ্যানালাইজার দিয়ে সেই পরীক্ষা করা হয়েছে। তবে তার রিপোর্ট এখনও জানা যায়নি।
এই দুর্ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে তিনি কনভয় ছিলেন। তবে ঘটনাটি তাঁর সামনে ঘটেনি। অর্থাৎ কনভয়ের পিছনের দিকে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মেরেছে ওই লরি।
বলে রাখি, চলতি মাসের শুরুতেই আরও একবার দুর্ঘটনার মুখে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। রথযাত্রার দিন তমলুক যাওয়ার পথে মারিশদার কাছে একটি দুর্ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর গাড়িতে ধাক্কা লাগেনি। তবে তাঁর কনভয়ে থাকা সেনাবাহিনীর জওয়ানদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। গাড়িটি সেই সময় দুমড়ে-মুচড়ে গিয়েছিল। আর এবার শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারলো একটি লরি।





