সময়ের মধ্যে শেষ করতে হবে কাজ, নাহলে শুনতে হয় বসের গালিগালাজ। এখন কোম্পানিগুলিতে কর্মীর থেকে কোম্পানির কাজ আগে। তাই সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদে বিরল চিত্র ধরা পড়ল আমাদের দেশের রাস্তায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্কুটি চালাতে চালাতে ল্যাপটপে কাজ করছেন। সেই ভাইরাল ছবি দেখে হতবাক সকলে। বেঙ্গালুরু শহরের কোনও এক ফ্লাইওভারে রাত ১১ টার ছবি।
হর্সমিত সিং নামের এক ব্যক্তি ছবিটি ট্যুইট করেন লিঙ্কডিনে, ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বেঙ্গালুরু শহরের তার চরম পর্যায় ছুঁয়ে ফেলেছে। শহরের অন্যতম ব্যস্ত ফ্লাইওভার, সেখানে একজন স্কুটি চালাতে চালাতে ল্যপটপে কাজ করছেন।’ ছবিটি নেট মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা কোম্পানিগুলির উপর দোষারোপ দিচ্ছেন।
হর্সমিত নিজেও কড়া সুরে লিখেছেন, ‘আপনি যদি একজন বস হিসেবে যে কোনও মূল্যে ডেডলাইন নিয়ে কর্মীদের আতঙ্কে রাখেন, তাহলে আরেকবার ভাবুন। ‘ইটস আর্জেন্ট’ কিংবা ‘ডু ইট এএসএপি’ বলার আগে দুবার ভাবুন। বিশেষত আপনি যদি একজন ক্ষমতাবান হন, তাহলে আপনার বক্তব্যের কতটা প্রভাব নীচুতলার কর্মীদের মধ্যে পড়ে, তা ভেবে কিছুটা সংযত হন।’ তবে কিছু নেটিজেন লিখেছেন, ‘হয়তো ওর যখন কাজটা করা উচিত ছিল তখন করেনি, তাই এভাবেই কাজ শেষ করার চেষ্টা।’






