দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হয়েছে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)। এই মেট্রো স্টেশন উদ্বোধন নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত বাঁধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। তৃণমূলের (TMC) অভিযোগ, আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে যথাযথ সম্মান দেখানো হয়নি।
তৃণমূলের দাবী, এই শিয়ালদহ মেট্রো স্টেশন বাস্তবায়িত করার স্বপ্ন আসলে মমতারই। কিন্তু তাঁকে তাঁর কৃতিত্ব দেওয়া হয়নি। যদিও এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেন নি মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি। তবে এই বিষয় নিয়ে তৃণমূল নেতা-কর্মীরা প্রতিবাদ দেখাতে কসুর করেন নি।
গতকাল, বুধবার কামারহাটির বিধায়ক মদন মিত্র দলের কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান। শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করার অভিযোগ তোলেন তিনি। তিনি এমনও হুঁশিয়ারি শানান যে মেট্রো রেল কর্তৃপক্ষ যদি এবার মুখ্যমন্ত্রীকে প্রাপ্য সম্মান না দেয়, তাহলে মেট্রো রেলের চাকা বন্ধ করে দেবেন তিনি।
এবার মদন মিত্রের এই হুঁশিয়ারিতেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী। কামারহাটির বিধায়ককে ‘রেজিস্টার্ড মাতাল’ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁকে আরও তোপ দেগে শুভেন্দু বলেন, “যদি হিম্মত থাকে একুশে জুলাই মেট্রো বন্ধ রেখে দেখাক। একুশে জুলাই থেকেই মেট্রো বন্ধ করে দিক। ভালো বার্তা পৌঁছবে”।
এদিন মদন মিত্র তো বটেই, এর পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকেও আক্রমণ করেন নন্দীগ্রামের বিধায়ক। বুস্টার ডোজ নকলের বিষয়ে কুণালের মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “নর্দমার কীটের কোনও কথার উত্তর দেব না”। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘তৃণমূল কোম্পানির মালিক’ বলেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী।





