গতকাল, সোমবার ছিল দেশে রাষ্ট্রপতি নির্বাচন। এদিন একাধিক রাজ্য থেকেই ক্রস ভোটিংয়ের ছবি সামনে এল। বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন করলেও, কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, এনসিপি বেশ কিছু বিধায়ক কিন্তু ভোট দিলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে।
সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের বরেলির ভোজিপুরার সপা বিধায়ক শাহজিল ইসলাম ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে। কিন্তু এদিকে অখিলেশ বাহিনী কিন্তু সমর্থন জানিয়েছে যশবন্ত সিনহাকে। আবার গুজরাতে শরদ পওয়ারের দলের বিধায়ক এস জাদেজাও এনডিএ-র প্রার্থী অর্থাৎ দ্রৌপদী মুর্মুকেই ভোট দিয়েছেন।
শুধু উত্তরপ্রদেশ বা গুজরাতই নয়, ওড়িশা ও অসম থেকেই ক্রস ভোটিংয়ের ছবি উঠে এসেছে। ওড়িশার কংগ্রেস বিধায়ক মহম্মদ মোকিম দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে বলেন, “এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বিবেকের কথা শুনেছি, তাই দ্রৌপদীকে ভোট দিয়েছি”।
অন্যদিকে আবার, এআইইউডিএফ-এর বিধায়ক করিমুদ্দিন বারভূঁইয়া দাবী করে বলেন যে অসমের কংগ্রেসের বিধায়করা ক্রস ভোটিংয়ে অংশ নিয়েছেন। তাঁর দাবী ২০-এরও বেশি কংগ্রেস বিধায়ক দ্রৌপদী মুর্মুকেই ভোট দিয়েছেন।
এর থেকেই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কী কোনও তৃণমূল বিধায়কও ক্রস ভোটিংয়ে অংশ নিয়ে শাসক শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে পারেন? যদিও গতকাল, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দিয়েছিলেন যে ক্রস ভোটিংয়ের কোনও সম্ভাবনা নেই। তবে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও ক্রস ভোটিংয়ের খবর মেলেনি।






