সাত বছর বয়সে বাচ্চারা স্কুল থেকে ফিরে মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে। কিন্তু একটি বাচ্চা ছেলে এই ৭ বছর বয়সে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে, একথা ভাবা যায় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই ঘটনা সামনে এসছে।
রাহুল মিত্তাল নামে এক ব্যক্তি ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে একটি বাচ্চা ছেলে পিঠে স্কুলের ব্যাগ এবং হাতে চকোলেটের বাক্স নিয়ে খাবার ডেলিভারি করছে। সঙ্গে সঙ্গী একটি সাইকেল। ভিডিওতে সে নিজের জীবন সংগ্রামের কথা জানিয়েছে।
বাচ্চাটির বাবা একটি দুর্ঘটনায় কাজ করার ক্ষমতা হারিয়েছেন তাই বাধ্য হয়েই ছেলেটি সংসারের দায়িত্ব তুলে নিয়েছে। তবে প্রতিদিন সকালে স্কুল যায় সে। এবং সন্ধ্যেবেলায় ডেলিভারি কাজ করে। নেটিজেনরা তার এই ভিডিও দেখে কুর্নিশ জানিয়েছে কমেন্টে। একজন অবশ্য কর্মচারীদের জন্য বিশেষ ব্যবস্থা না নেওয়ায় জন্য কোম্পানির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।
ইতিমধ্যে পুরো ব্যাপারটি ওই খাবার ডেলিভারি সংস্থার কাছে পৌঁছেছে এবং তাঁরা ওই বাচ্চাটির পরিচয় এবং বাবার নাম জানতে চেয়েছে। সবাই আশাবাদী কোম্পানির তরফ থেকে বাচ্চাটির পরিবারকে সাহায্য করা হবে।





