‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, শহরজুড়ে মমতা-অভিষেকের ছবি দেওয়া নতুন পোস্টার, ‘ড্যামেজ কন্ট্রোল নাকি’, শুরু নতুন বিতর্ক

কিছুদিন আগে দক্ষিণ কলকাতায় (South Kolkata) দেখা গিয়েছিল তৃণমূলের এক নতুন পোস্টার। তাতে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই (Abhishek Banerjee) ছবি ছিল ও পোস্টারে (poster) লেখা ছিল, “আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়”। এই নিয়ে রাজ্য-রাজনীতিতে কম জলঘোলা হয়নি।

তবে তৃণমূলের তরফে দাবী করা হয়েছিল যে তাদের তরফে এই পোস্টার সাঁটানো হয়নি। এই পোস্টারগুলি দিয়েছিল আশ্রিতা ও কলরব নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। এবার আজ, রবিবার তৃণমূলের নতুন পোস্টার পড়ল শহরজুড়ে। এবার এই পোস্টারে দেখা গেল মমতা ও অভিষেকের মুখ। আর এতে মোটা হরফে লেখা, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’। এই পোস্টারে পূর্ব কলকাতা ছেয়ে গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, অভিষেকের ছবি দিয়ে যে পোস্টার পড়েছিল, তাতে বেশ বিতর্ক দানা বাধে। গুঞ্জন ওঠে যে পুরনো নেতারা কী তবে ব্রাত্য হয়ে গেল? ওই পোস্টার নিয়ে বিরোধী দলও বেশ সমালোচনা করে শাসক দলের। সেই ড্যামেজ কন্ট্রোল করতেই নতুন এই পোস্টার আনা হয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আগের অভিষেকের একার ছবি দেওয়া পোস্টার সম্পর্কে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, “‌ওই হোর্ডিং দলের নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেকের সভাপতিত্বে দল চলছে। তবে কাউকে তুলে ধরার বিষয় নিয়ে যে চর্চা চলছে, তা আসলে অর্থহীন। উৎসাহী হয়ে কেউ এই কাজ করেছেন”।

নতুন এই পোস্টার নিয়েও বেশ চর্চা শুরু হয়েছে। এই পোস্টারে মমতা ও অভিষেক দু’‌জনেই রয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘‌পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ।’‌ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভিত্তি রেখেই অভিষেকের নেতৃত্বে নতুন করে সেজে উঠবে তৃণমূল। যদিও দলের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, পোস্টারে মমতা ও অভিষেক, দুজনের ছবি দেওয়ার মাধ্যমে হয়ত সমন্বয়ের বার্তা দেওয়া হচ্ছে দলের তরফে।  

আরও অন্যান্য খবর