স্বাস্থ্যসাথীতে টাকা নেই, সে ব্যাপারে সরকার উদাসীন আর পুজো কমিটিতে কোটি কোটি টাকা, মমতা সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

ফের একবার দুর্গাপুজোর অনুদান নিয়ে বিতর্কের মধ্যে জড়াল রাজ্য সরকার। রাজ্যের বিরুদ্ধে এবার আরও এক জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। এর আগেও এই পুজো কমিটিতে টাকা দেওয়া নিয়ে যখন জনস্বার্থ মামলা দায়ের হয়, তখন মামলাকারীদের দাবী ছিল যে সরকারি কর্মীদের ডিএ বকেয়া রয়েছে, আর ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা অনুদান কীভাবে দিচ্ছে সরকার?

এবার যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, সেই মামলাকারীর দাবী, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নানান বেসরকারি হাসপাতাল চিকিৎসা করতে চায় না। ফান্ড নেই বলে ফিরিয়ে দেয় তারা। সেই বিষয়ে সরকার কোনও পদক্ষেপ না করে ক্লাবগুলিকে অনুদান দিচ্ছে কেন? যিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন, তিনি নিজে পেশায় একজন চিকিৎসক।

ওই মামলাকারী চিকিৎসক শান্তনু দে এই জনস্বার্থ মামলা করে জানতে চেয়েছেন যে রাজ্যের বাজেটে এই অনুদানের জন্য টাকা বরাদ্দ ছিল কী না? আর যদি না থাকে, তাহলে সরকার কীভাবে এত টাকা দিতে পারে? গত দু’বছর সরকার পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে দিয়েছিল। এবার সেই অনুদান বেড়ে ৬০ হাজার টাকা করা হয়েছে। এর পাশাপাশি ৬০ শতাংশ বিদ্যুতের বিলে ছাড় দেওয়া হয়েছে।

মামলাকারী দাবী করেছেন যাতে এই বিদ্যুতের বিলে ছাড়ের সুবিধা বাড়ির বিদ্যুত সংযোগেও দেওয়া হয়। তিনি আরও বলেন  যে ২০১৬ সালে স্বাস্থ্য দফতর স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে। কিন্তু প্রকল্পে বেসরকারি হাসপাতালে কোটি কোটি টাকা বাকি। স্বাস্থ্যসাথী কার্ডে কোনও বেসরকারি হাসপাতাল ভর্তি নিতে চাইছে না। মামলাকারী অভিযোগ করে বলেন যে এই ব্যাপারে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করছে না কিন্তু পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার সময় কোনও অভাব হচ্ছে না রাজ্যের।

মামলাকারী ওই চিকিৎসক গত বছর পুজোর ফান্ডের খরচের অডিট রিপোর্টও দেখতে চেয়েছেন। তাঁর কথায়, কিছু কিছু ক্লাবের পুজোর বাজেট কোটি কোটি টাকা। তারা কী এই অনুদান পাওয়ার যোগ্য, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী। জানা যাচ্ছে, আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর