‘সোজা হয়ে দাঁড়াতেই পারেন না, উনি আবার কি দাওয়াই দেবেন?’, মদনের ‘ঘটিবাটি মুড়িয়ে ফেরত পাঠানোর’ মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ

দুই দলের দুই প্রভাবশালী নেতা (heavyweight leaders)। দু’জনেই নিজেদের নানান মন্তব্যের কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। একজন অতীব ঠোঁটকাটা জবাব দেন তো অন্যজন বেশ হাসি হাসি মুখ করেই নানান তোপ শানান। দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও মদন মিত্রের (Madan Mitra) বাকযুদ্ধের সাক্ষী রয়েছে অতীত। এবার ফের একবার বাকযুদ্ধ শুরু হল এই দুই হেভিওয়েট নেতার মধ্যে।

গত শনিবার হাওড়ার বালি থেকে নানান বিতর্কিত মন্তব্য করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন শুভেন্দু অধিকারী-সহ বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিজেপিকে ‘ঘটি-বাটি মুড়িয়ে ফেরত পাঠানোর’ দাওয়াই দেন মদন। এবার আজ, সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে মদনের এই উবাচের পাল্টা জবাব দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সোজা হয়ে দাঁড়াতেই পারেন না, উনি আবার কি দাওয়াই দেবেন”?

এদিন দিলীপ ঘোষ বলেন, “ওই ডায়লগ অনেক শুনেছি। সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কি দাওয়াই দেবেন? আমাদেরও হাত আছে। জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন। ১৩ তারিখ বুঝে গিয়েছেন। পুলিশ গুন্ডা সব লাগিয়েছিল। বুঝে গিয়েছে বাংলার মুড পাল্টে গিয়েছে। মানুষ দায়িত্ব দিয়েছে। পালন করুন। নাহলে কান ধরে টেনে মানুষ নামিয়ে দেবে”।

গতকালের ওই সভায় মদন মিত্র বলেছিলেন, “রাজ্যে যাঁরা তাণ্ডব করছেন, গুণ্ডামি করছেন, যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি আই অ্যাম মেলস। যদি দলের নির্দেশ পেলে ১০ মিনিটও লাগবে না। ওসব ঘটিবাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দেব”। কামারহাটির বিধায়ক আরও বলেন, “তবে তৃণমূল বলছে হিংসা নয় সৃষ্টি চাই। তাণ্ডব নয়, প্রেম চাই”।

আরও অন্যান্য খবর