‘ওটা নর কঙ্কালের সরকার’, বাম জমানার সমালোচনা করে নাম না নিয়েই বিকাশরঞ্জনকে নিশানা করলেন মমতা

পুজোর উদ্বোধন করতে গিয়ে ফের একবার কড়া ভাষাতেই বাম জমানার সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাম সরকার (CPM) ‘নর কঙ্কালের সরকার’ ছিল বলে তোপ দাগেন তিনি। এদিন ফের একবার বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya) নিশানা করলেন মমতা। বালিগঞ্জের এক পুজো উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিকাশ ভট্টাচার্য যে বার্থ সার্টিফিকেট দিয়েছিল সেটা বড় স্ক্যাম। সেই কাগজগুলো কোথায়? ভাবছে আমাদের কাছে নেই। আছে, আছে। চুপিচুপি দেব। যখন চ্যালেঞ্জ করতে শুরু করেছ”।

গতকাল, সোমবার সন্ধ্যায় খিদিরপুর ৭৪ পল্লী, খিদিরপুর ২৫ পল্লী, অজয় সংহতি, আদি বালিগঞ্জ দুর্গাপুজো, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের পুজো-সহ দক্ষিণ কলকাতার নানান পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে রাখি, গত ৩১শে অগাস্ট নবান্নের সাংবাদিক বৈঠকের পর এমনই ভাষায় সিপিএম-কে কটাক্ষ করেছিলেন মমতা।

আর এবার ফের সিপিএমের সমালোচনা শোনা গেল মমতার গলায়। তাঁর কথায়, “সিপিএম-এর ৩৪ বছরের একটি আলমারি দেখান তো, যেখানে পাওয়া যাবে সব তথ্য। একটু বিকাশবাবুকে বলুন না, হাইকোর্টে আমাদের চোর ডাকাত না বলে, তিনি শুধু তাঁর আমলে বার্থ সার্টিফিকেট নিয়ে একটা হলফনামা দিয়ে বিস্তারিত জানাবেন কী?” বাম জমানার সমালোচনা করে মমতা বলেন, “আমরা তো এগারো বছর ক্ষমতায় এসেছি। তার আগে কী হয়েছে। এখন তো এসব অনেক কমে গিয়েছে”।

মমতার এহেন মন্তব্যের কড়া বিরোধিতা করেন বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি পাল্টা বলেন, “উনি প্রলাপ বকতে অভ্যস্ত। উনি প্রলাপ বকছেন। ওদের অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। বিগত দিনে কী হয়েছে, কী না হয়েছে, তার কোনও তথ্য নেই। কিন্তু সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। ছোটবেলায় যেমন দুষ্টুমি করলে বলা হয়, আমি করিনি, ও করেছে। একটি দায়িত্বশীল সরকার যারা ১১ বছর ক্ষমতায় রয়েছে, তাঁরা ১১ বছরে কোনওরকম ব্যবস্থা করতে পারল না। কোনও দুর্নীতির সামান্যতম চিহ্নও প্রকাশ করতে পারল না”।

উল্লেখ্য, গত ২১শে জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশের মঞ্চ থেকেও জন্ম শংসাপত্র প্রসঙ্গে সরাসরি বিকাশরঞ্জনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। সেদিন বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে মমতা বলেন, “আপনার আমলে কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? যাঁদের সার্টিফিকেট দিয়েছিলেন তাঁরা কী পাওয়ার যোগ্য ছিল, ফাইলটা একটু খুলুন। আপনি দেখবেন না আমি দেখাব? আমরা বলেছি, বদলা নয় বদল চাই”।  

আরও অন্যান্য খবর