মালবাজারের ছায়া এবার নিমতলা ঘাটে। দেহ সৎকার করতে গিয়ে নিমতলা শ্মশানঘাটে বানের তোড়ে গঙ্গায় তলিয়ে গেল পাঁচ যুবক। তাদের মধ্যে ২ জনকে উদ্ধার করা গিয়েছে। বাকি ৩ জনের এখনও খোঁজ চলছে। এরা প্রত্যেকেই বেলেঘাটার বরফকলের বাসিন্দা বলে জানা গিয়েছে।
গতকাল, সোমবার ৩৬ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির মৃত্যু হয়। এলাকার লোকজন নিমতলা শ্মশানঘাটে তাঁর দেহ সৎকার করতে আসেন। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, ওই দলে থাকা পাঁচজন গঙ্গায় নেমে পড়েন।
সেই সময় ধীরে ধীরে গঙ্গার জলস্তর বাড়তে থাকে। তাই পুলিশ ওই পাঁচজনকে গঙ্গা থেকে উঠে আসতে বলে। কিন্তু প্রশাসনিক সতর্কতায় কান দেননি তাঁরা। এরপরই আসে বান। আর সেই বানের তোড়েই তলিয়ে যান পাঁচজন। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। দু’জনকে তৎক্ষণাৎ উদ্ধার করা হয়। কিন্তু তিনজন এখনও নিখোঁজ।
এই তিনজনের নাম ভিকি সিং, দীপক যাদব, ও সন্তোষ সোনকার। এদের সকলের বয়সই ২৮ থেকে ৩০-এর মধ্যে। এরা প্রত্যেকেই বেলেঘাটার বরফকলের বাসিন্দা। নিখোঁজদের উদ্ধারের জন্য ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে।
এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিং। তিনি বলেন, “পুলিশি বাধা না মেনেই গঙ্গায় নেমেছিলেন পাঁচ যুবক। তাঁদের মধ্যে দু’জনকে উদ্ধার করা হয়। বাকি তিনজনের খোঁজ চলছে”।
প্রত্যক্ষদর্শীদের দাবী, ওই যুবকরা ম’দ্য’প অবস্থায় ছিল;। নেশার ঘোরেই গঙ্গায় নামে তারা। সেলফি তুলতে গিয়ে বানের তোড়ে ভেসে তলিয়ে যায় যুবকরা। উত্তর বন্দর থানার পুলিশ যুবকদের সতর্ক করেছিল। কিন্তু তারা কথা শোনে নি। নিখোঁজ যুবকদের তাড়াতাড়িই খোঁজ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।





