দক্ষিণবঙ্গ থেকে শীঘ্রই বিদায় নিতে পারে বর্ষা। আগামী ২-৩ দিনের মধ্যেই বিদায় ঘটবে বর্ষার। তবে বর্ষা বিদায় নিলেও এখনই রাজ্যে শীত পড়ছে না। বরং, ভালোই গরম থাকবে আরও কিছুদিন। তবে আন্দামান সাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। এর জেরে কালীপুজোয় দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। অন্তত তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। অন্যান্য বছর দুর্গাপুজোর পরই শীত-শীত ভাব থাকে। কিন্তু এবার লক্ষ্মীপুজো পার করে কালীপুজো এলেও সে সম্ভবনা আপাতত নেই।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে দুর্গাপুজোয় প্রায় প্রতি দিনই বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে পুজোর পরেও ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাংশ। কিন্তু সেই বৃষ্টির দাপট এ বছরের মতো কমতে চলেছে বলেই জানাচ্ছেন আবহবিদরা।
অন্যান্য বছর ১২ই অক্টোবরের মধ্যে বঙ্গ থেকে বিদায় নেয় বর্ষা। তবে এই বছর একটু দেরিতেই বর্ষার বিদায় ঘটছে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমবে বৃষ্টির পরিমাণ। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলি শুকনোই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।
তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৮ই অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আগামী ২০শে অক্টোবর সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে। আপাতত সেদিকেই লক্ষ্য রয়েছে আবহবিদদের।
তবে বর্ষা বিদায় নিলেও এখনই রাজ্যে শীত পড়ছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না এখনই। হাওয়া অফিস সূত্রে খবর, কোথাও কোথাও রাতের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে কিন্তু দিনের তাপমাত্রা খুব একটা বেশি কমবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে।






