চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া ও পরবর্তীতে চাকরি না দেওয়ার অভিযোগ এই রাজ্যে নতুন নয়। এমন ঘটনা আগেও ঘটতে দেখা গিয়েছে। টাকা নিয়ে চাকরি দেওয়ার ঘটনাও বিরল নয়। এমন নানান ঘটনায় বারবার শাসক দলের নানান নেতাদের নাম জড়াতে দেখা গিয়েছে। তবে এবার চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করার ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার এক ব্যবসায়ী তথা আরোহী নিউজের মালিক বিপ্লব সিনহা।
সূত্রের খবর, এই বিপ্লব সিনহা একাধিক সংস্থার মালিক। নানান এভিয়েশন সংস্থা রয়েছে তাঁর নামে। Talento Aviation থেকে শুরু করে Talento Airlines Academy, Talento Institute of Professional Studies, RedCrew Air Services, 3 steps aviation academy, TakeOff Aviation, Stairs Academy, Aarohi Institute of Pilot Training Academy, এই সমস্ত সংস্থার কর্ণধার হলেন এই বিপ্লব সিনহা। নানান ছাত্রছাত্রীদের ‘এয়ার ইন্ডিয়া’ বা অন্যান্য উড়ান সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন এই বিপ্লব সিনহা, এমনটাই অভিযোগ করেছেন এক ভুক্তভোগী চাকরিপ্রার্থী।
জানা গিয়েছে, এই বিপ্লব সিনহা ছাত্রছাত্রীদের নানান উড়ান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে নিজের নানান অ্যাকাডেমি থেকে নানান কোর্স করাতেন। সেই কোর্সের জন্য দফায় দফায় কয়েক লক্ষ টাকা নেওয়া হত। কিন্তু শেষ পর্যন্ত চাকরি পেতেন না অধিকাংশই। এই নিয়ে গত প্রায় দু-আড়াই বছর ধরে এই বিপ্লব সিনহার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছিল। অবশেষে গতকাল, শনিবার নিউটাউনের এক রেস্তোরাঁ থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে বউবাজার থানার পুলিশ।
সূত্রের খবর, নিজের এক অ্যাকাডেমি থেকে কোর্স করিয়ে সেখান থেকে চাকরি না হলে তাঁর অন্য এক অ্যাকাডেমি থেকে অন্য কোর্স করার পরামর্শ দিতেন এই বিপ্লব সিনহা। এভাবে একাধিক চাকরিপ্রার্থীকে ঠকিয়ে তাদের থেকে টাকা আত্মসাৎ করেছেন তিনি। শেষে চাকরি না পেয়ে সেই নিয়ে অভিযোগ জানাতে গেলে বা টাকা ফেরত চাইতে গেলে চাকরিপ্রার্থীদের হুমকিও দেওয়া হত বলে অভিযোগ।
জানা যাচ্ছে, এই বিপ্লব সিনহা শাসকদলের শীর্ষ নেতৃত্বদের ঘনিষ্ঠ ছিলেন। অনেক তাবড় তাবড় নেতাদের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর আরোহী নিউজ সংবাদমাধ্যমে শাসকদলের একাধিক নেতাদের সাক্ষাৎকার নিতে দেখা গিয়েছে। তিনি শাসকদলের ঘনিষ্ঠ, এই প্রলোভন দেখিয়েও চাকরিপ্রার্থীদের টোপ দিতেন ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী চাকরিপ্রার্থীদের অভিযোগ, এই বিষয়ে প্রথম সারির সংবাদমাধ্যমে জানানো হলেও সেভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি, এও অভিযোগ উঠেছে যে এই বিপ্লব সিনহা শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশও প্রাথমিকভাবে কোনও পদক্ষেপ করতে চায়নি ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় বিপ্লব সিনহার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর। আজ, রবিবারই তাঁকে আদালতে পেশ করা হতে পারে।





