এবার মার্কিন মুলুক আরও বেশি করে সেজে উঠবে আলোর উৎসবে। আগামী বছর অর্থাৎ ২০২৩-এ দীপাবলির দিন ছুটি থাকবে নিউ ইয়র্কের সমস্ত স্কুলে। এমনটাই ঘোষণা করলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তবে অফিস-সহ সমস্ত প্রশাসনিক কাজ চালু থাকবে বলে জানা গিয়েছে।
নিউ ইয়র্কে এমনিতেই বরাবর বেশ ভালোভাবেই পালন করা হয় দীপাবলি। সেখানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা বেশ জমজমাটি করে মেতে ওঠেন আলোর উৎসবে। দীর্ঘদিন ধরেই দীপাবলির ছুটির দাবী জানিয়ে আসছেন তারা। এবার তাদের সেই দাবী পূরণ করল প্রশাসন। এই খবরে যে প্রবাসী বাঙালিরা বেশ খুশি হবেন, তা বলাই বাহুল্য।
New York City announces public school holiday on Diwali from 2023
Read @ANI Story | https://t.co/Ke4YXI2fj7#Diwali #Diwali2022 #NYC #NewYorkCity #PublicSchoolHoliday pic.twitter.com/BhOfprEA6D
— ANI Digital (@ani_digital) October 21, 2022
এদিন ছুটির কথা ঘোষণা করে মেয়র বলেন নিউইয়র্কে দিওয়ালিকে ছুটি ঘোষণার মাধ্যমে যাঁরা এই উৎসবকে বড় উৎসব হিসেবে উদযাপন করেন তাঁদের কাছে তিনি একটি বার্তা দিতে চান। তিনি বলেন, গত কয়েক বছর ধরেই ভারতীয় সম্প্রদায়ের তরফে দিওয়ালিতে স্কুলগুলিতে ছুটি ঘোষণার জন্য দাবী উঠেছে।
তিনি জানান যে এই সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী বছর থেকেই নিউইয়র্কের স্কুলগুলোতে দিওয়ালির ছুটি দেওয়া হবে। প্রসঙ্গত, নিউ ইয়র্কের স্কুলগুলিতে বছরে অন্তত ১৮০ দিন স্কুল চালু রাখতেই হবে।
এই সিদ্ধান্তের জন্য মেয়র এরিক অ্যাডামসকে ধন্যবাদ জানান নিউ ইয়র্কে কনসাল জেনারেল রণধীর জওসওয়াল। তিনি জানান যে ভারতীয় উৎসবগুলিকে এভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বৈচিত্র্যের বার্তাও দেওয়া হয়। এর ফলে সমাজের সমস্ত স্তরের মানুষ এই ঐতিহ্যের অভিজ্ঞতা পাবেন।






