কালীপুজোর দিন তারাপীঠে মা তারা-কে একাধারে লক্ষ্মীরূপে ও অন্যদিকে শক্তিময়ী দেবী কালী রূপে পুজো করা হয়। কালীপুজোর দিন দিনভর তারাপীঠের মন্দিরে চলছে বিশেষ পুজো। কালীপুজোর অমাবস্যা বড় অমাবস্যা। তাই এদিন মন্দিরে বিশেষ হোম-যজ্ঞ করা হয়। তারা মা-কে নিবেদন করা হয় বিশেষ ভোগও। সকাল থেকেই এদিন মন্দিরে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো।
শক্তিদেবীর অন্যতম রূপ হল দেবী তারা। তাই এদিন তারাপীঠে শক্তির আরাধনায় বিশেষ পুজো-অর্চনার ব্যবস্থা করা হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানান যে কালীপুজো উপলক্ষ্যে মা তারার বিশেষ পুজো হবে। দিনে তিন বার পুজো হবে মা তারার। আরতিও হবে তিনবার।
তিনি জানান যে কালীপুজোর দিন ভোরে মঙ্গলারতি হয়েছে। সন্ধ্যায় মঙ্গলারতি হবে। আবার রাতে নিশিপুজোর সময় মঙ্গলারতি হবে। এদিন তারা মা-কে পাঁচরকম ভাজা, মিষ্টি, পোলাও, লুচি, সুজি সহ বিশেষ ভোগ দেওয়া হবে। শোল মাছ পোড়াও দেওয়া হয় এদিন।
পঞ্জিকা মতে, এদিন রাত সাড়ে ৮টা নাগাদ অমাবস্যা পড়ছে। ফলে তারপরই তারা মায়ের বিশেষ পুজো শুরু হবে। রাতভোর তারা মায়ের চলবে পুজো। মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানান, এদিন রাতে অমাবস্যায় শ্মশানে বিশেষ পুজো, হোম-যজ্ঞ হয়।
তিনি আরও জানান যে এদিন শৃগা ভোগ অর্থাৎ শিয়ালকে অন্নভোগ দেওয়া হয়। সেই ভোগ তারা মা-কে দেওয়া হয়। সেই ভোগের সঙ্গেই তারা মা-কে শোল মাছ পোড়া দেওয়া হয়। এছাড়া দুপুরে তারা মা-কে পাঁচ রকম ভাজা সহ বিশেষ অন্নভোগ, পোলাও, পায়েস দেওয়া হয়। সকালেও মা-কে লুচি, সুজি ভোগ নিবেদন করা হয়।
কালীপুজোর দিন তারাপীঠের গর্ভগৃহে তারা মায়ের বিশেষ পুজোর পাশাপাশি মন্দির চত্বরেও হোম-যজ্ঞ হয়। মনস্কামনা পূর্ণ হওয়ার লক্ষ্যেই এদিন তারা মা-কে পুজো দিয়ে মন্দির চত্বরে হোম-যজ্ঞ করেন অনেকে। রবিবার রাতেই যেহেতু অমাবস্যা পড়েছে, তাই এদিন রাত থেকেই শুরু হয়েছে হোম-যজ্ঞ। সোমবার সারাদিন অমাবস্যা থাকায় এদিন সারাদিনই মন্দির চত্বরে হোম-যজ্ঞ চলবে। ভিড় বাড়ছে পুণ্যার্থীদের।






