ধার দেওয়া টাকা ফেরত চাওয়ার ‘অপরাধের’ জের, দলিত সম্প্রদায়ের মহিলার বাড়ি জ্বালিয়ে দিল উচ্চবর্ণের যুবকরা

নিজেদের দরকারে টাকা ধার নিয়েছিলেন উচ্চবর্ণের দুই যুবক। নিজের সেই টাকাই ফেরত চেয়েছিলেন দলিত সম্প্রদায়ভুক্ত মহিলা। টাকা চাওয়ার অপরাধে দীপাবলির রাতে তাঁর বাড়ি জ্বালিয়ে দিল ওই দিও যুবক।

ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টা নাগাদ মধ্যপ্রদেশের ভোপালের বৈরাশিয়া থানার অন্তর্ভুক্ত দেকপুর গ্রামে। ওই দলিত মহিলার নাম কৌসর বাই আহিরওয়ার। অভিযুক্ত দুই দুষ্কৃতীর নাম সমুন্দর যাদব এবং গোলু কুমার।

সূত্রের খবর অনুযায়ী, ওই দুই যুবককে ১০ হাজার টাকা ধার দিয়েছিলেন কৌসর বাই। গত ১৭ অক্টোবর সেই টাকা ফেরত চাওয়ার জন্য ওই দুই যুবকের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু ধার নেওয়া টাকা ফেরত দিতে রাজি হয়নি ওই দুই যুবক। এ নিয়ে বচসা হয় দু’পক্ষের মধ্যে। এরপরই দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন কৌসর বাই।

আর তাতেই ক্ষেপে ওঠে অভিযুক্ত দুই যুবক। প্রতিশোধ নেওয়ার জন্য গত ২৩শে অক্টোবর কৌসর বাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় সমুন্দর ও গোলু। এই ঘটনার ফলে ওই দলিত মহিলার বাড়িতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও খাদ্যশস্য পুড়ে ছাই হয়ে যায়। কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এই ঘটনার পরই সমুন্দর ও গোলুকে নামের দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ও তফশিলি জাতি ও উপজাতির আইনের নানান ধারায় মামলা রুজু করা করেছে পুলিশ।

RELATED Articles