ভগবান সত্যিই কী নিষ্ঠুর নাকি ভাগ্যের পরিহাস? ফের কঠিন লড়াইয়ের মুখে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ব্রেক স্ট্রোকের কারণে কোমায় রয়েছেন তিনি। তাঁর সেরে ওঠার কামনা করছেন তাঁর অনুগামী ও শুভাকাঙ্ক্ষীরা। হাওড়ার বেসরকারি হাসপাতালের ভর্তি রয়েছেন ঐন্দ্রিলা। সেখানে সর্বক্ষণ তাঁর পাশে রয়েছেন তাঁর বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী।
কেমন আছেন ঐন্দ্রিলা? তাঁর শারীরিক উন্নতি কী হল? তা জানার রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলে। হাসপাতালে কড়া পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন অভিনেত্রী। লড়াই করে চলেছেন প্রতিনিয়ত। এখনও জ্ঞান ফেরেনি তাঁর। এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত।
সবসময় তাঁকে আগলে রাখছেন সব্যসাচী। গতকাল, বৃহস্পতিবার সকালে অভিনেতা সৌরভ দাস ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, “আমি আর দিব্য সব্যসাচীর সঙ্গে শুরু থেকে রয়েছি। তবে ফোন তোলার মতো পরিস্থিতি নয় এখন। সঠিক সময় সব্য ঠিক জানিয়ে দেবে, যেমনটা ও সবসময় করে আসছে”।
আজ, শুক্রবার দুপুরের দিকে সব্য়সাচী চৌধুরী ফেসবুক পোস্টে লেখেন, “ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না”।
প্রসঙ্গত, গত মঙ্গলবার আমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ব্রেন স্ট্রোকের ফলে তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। সেদিন রাতেই অস্ত্রোপচার হয় ঐন্দ্রিলার। সেদিন থেকে কোমায় রয়ছেন তিনি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিউরো আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। সকলেই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।






