গত শনিবারই কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chatterjee) আশ্বাস দিয়ে বলেছিলেন যে সরকার ডিএ দেবে। তবে তা পেতে একটু ধৈর্য ধরতে হবে। এবার সেই একই সুর শোনা গেল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) গলাতেও। ডিএ নিয়ে প্রথমে কোনও মন্তব্য না করতে চাইলেও, পরবর্তীতে তিনি বলেন, “সরকার আপ্রাণ চেষ্টা করছে ডিএ (DA) দেওয়ার। তবে রাজ্য সরকারের আর্থিক সংকটের বিষয়টিও বুঝতে হবে কর্মীদের”।
গতকাল, রবিবার বারুইপুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, “ডিএ নিয়ে আমি মন্তব্য করব না। তবে মুখ্যমন্ত্রী চান না কারোর অসুবিধা হোক। রাজ্য সরকারি কর্মচারীদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে রাজ্য। সরকার আপ্রাণ চেষ্টা করছে ডিএ দেওয়ার। তবে আমাদের আর্থিক সংকটের দিকটাও মাথায় রাখতে হবে। এরা আমাদের সরকারি কর্মচারি। তাই সরকারকে সহযোগিতা করাও এদের কর্তব্য। শুধুমাত্র দাবি-দাবি-দাবি করলে হবে না”।
শুধু তাই-ই নয়। এদিন বাম জমানার কথা উল্লেখ করে তিনি বলেন, “২০১১ সালের আগে আমি দেখেছি দুপুর ২টোয় কর্মচারীরা এসে পোস্টার লিখছেন সময়ের কাজ সময়ে করুন। এখন এরাই দাবী আদায়ের জন্য পথে নেমেছেন। সরকারের অসুবিধার কথা সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের বুঝতে হবে”।
এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন যে ডিএ না পেয়ে সরকারি কর্মচারীরা কী বঞ্চিত হচ্ছেন না? এই প্রশ্নের জবাবে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি কর্মীদের বেতনের পরিকাঠামো দেখলেই আপনারা বুঝবেন তাঁরা যে বেতন পান আমার মনে হয় না তাঁদের জীবনে কোনও অসচ্ছ্বলতা থাকতে পারে। তার অর্থ এই নয় যে তাঁদের ডিএ-র অধিকার নেই। বিষয়টি ভেবে দেখতে বলব”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!