মমতার ‘বঞ্চনা’র অভিযোগের মধ্যেই বরাদ্দ দিল্লির, গ্রামের রাস্তার জন্য বাংলাকে ৫৮৪ কোটি টাকা দিল মোদী সরকার

কিছুদিন আগেই সরাসরি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম না নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে তোপ দেগেছিলেন। সমালোচনা করে বলেছিলেন যে বাংলায় কেউ কেউ রয়েছে যারা নাকি কূটকাচালি করে। বাংলার খাচ্ছে, বাংলার পড়ছে আর দিল্লিতে গিয়ে বলছে বাংলাকে (West Bengal) টাকা দিও না, এমন ভাষাতেই শুভেন্দুকে আক্রমণ করেছিলেন মমতা।

তবে শুভেন্দু কানে সে খবর গিয়েছে কী না এখনও স্পষ্ট না হলেও, এরই মধ্যে বরাদ্দ পেল রাজ্য। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বাংলার জন্য ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির টাকা কেন্দ্র ও রাজ্য উভয়ই দেয়।

এর আগে কেন্দ্রে যখন ইউপিএ সরকার ছিল, সেই সময় বাংলার পঞ্চায়েত এলাকায় অনেক রাস্তা তৈরি হয়েছিল। সেই সময় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর জমানায় বাংলার গ্রামে গ্রামে ৫ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি হয়েছিল।

হিসাব অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা -৩ –এর আওতায় (PMGSY-3) বাংলায় আরও ৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। এজন্য মোট খরচ হবে ৫৫০০ কোটি টাকা। সেই প্রকল্প খাতেই প্রথম কিস্তির টাকা পাঠাল দিল্লি।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই বরাদ্দ বেশ ইতিবাচক বলেই মনে করা হচ্ছে। গত দু’বছর ধরে গ্রামের রাস্তা সম্প্রসারণের কাজ সেভাবে হয়নি। একে তো রাজ্যের আর্থিক সংকট আর অন্যদিকে কোভিডের ধাক্কা। করোনাকালে অতিরিক্ত টাকা খরচ হওয়ায় উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটে। তবে এবার কেন্দ্রের বরাদ্দ টাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে কিছু গ্রামে নতুন রাস্তা তৈরি করা যাবে বলেই মনে করা হচ্ছে।

তবে গ্রামের রাস্তার জন্য টাকা দিলেও একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি কেন্দ্র। নবান্নের দাবী, একশো দিনের কাজের ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেই টাকা দিল্লি থেকে কবে আসবে, তা এখনও অজানা।

আরও অন্যান্য খবর