বিগত বেশ কিছুদিন ধরেই আবাস যোজনায় (Awas Yojna) দুর্নীতি (corruption) হচ্ছে বলে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। একাধিক তৃণমূল নেতা (TMC Leader) বা তাদের স্ত্রীর নাম দেখা গিয়েছে আবাস যোজনার তালিকায়। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা। এবার আবাস যোজনার তালিকায় উঠে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) বাবার নাম। তা নিয়ে বেশ বিতর্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, প্রশাসনের তরফে আবাস যোজনার ঘরের যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে নাম রয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের অন্তর্গত ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খারিজা বালাডাঙার বাসিন্দা বিধূভূষণ প্রামাণিকের। তাঁর উপভোক্তা আইডি হল ১২০০৫৪৫৫৭ ও সিরিয়াল নম্বর হল ১১৯৮৭৭। কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নামই আবাস যোজনার তালিকায় ওঠায় তা নিয়ে বেশ রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
এই বিষয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এক সাংবাদিক বৈঠক ডাকেন। তাঁর অভিযোগ, বিজেপি আবাস যোজনার তালিকায় নাম নিয়ে রাজ্যজুড়ে অভিযোগ তুলছে। অথচ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজের বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও তাঁর বাবার নাম সেই তালিকায় রয়েছে।
তিনি গেরুয়া শিবিরের উদ্দেশে প্রশ্ন রাখেন যে তবে কী এবার বিজেপি নেতা-কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচি করবে? ধরনা দেবে? এমন প্রশ্নই ছুঁড়ে দেন রবীন্দ্রনাথ ঘোষ।
পুরসভার চেয়ারম্যান সাফাই দিয়ে আরও বলেন যে প্রায় ছ’বছর আগে যখন সমীক্ষা হয়েছিল, সেই সময় অনেকেরই পাকা বাড়ি ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক মানুষেরই আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে যে তালিকা এসেছে, প্রশাসন তা নিয়ে সমীক্ষা করবে ও তারপরই উপযুক্তদের ঘর দেওয়া হবে বলে জানান তিনি। এই বিষয়ে নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।
এই ঘটনা প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই উপভোক্তাদের ঘর দিতে পারেন। কাজেই তাঁর বাবার নাম ঘর পাওয়ার তালিকায় থাকবে সেটা চক্রান্ত ছাড়া কিছু হতে পারে না। যেহেতু তৃণমূলের নেতাকর্মীদের নাম সেই তালিকায় রয়েছে তাই দৃষ্টি ঘোরাতে এই ধরনের চক্রান্ত করা হয়েছে”।
বিজেপির তরফে বলা হয়েছে যে তারা চান যে যারা আবাস যোজনার ঘরের জন্য উপযুক্ত, তারাই যেন ঘর পান। তবে যাই হোক না কেন, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম থাকায় তা নিয়ে যে বেশ বিতর্ক তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।






