রাতের অন্ধকারে মত্ত যুবকদের হাতে মার খেলেন এক ট্র্যাফিক সার্জেন্ট-সহ এক এএসআই। ঘটনাটি ঘটে বাইপাসের ধারে অজয়নগর মোড়ে।
জানা যাচ্ছে, রাতে নাকা তল্লাশি চলছিল। সেই সময় এক হেলমেটবিহীন বাইক আরোহীকে আটক করে এক ট্র্যাফিক পুলিশ। জরিমানা করে কাটা হয় চালানও। এরপরই ওই বাইক আরোহী আরও কিছু লোকজনকে এনে পুলিশের উপর চড়াও হয়। এর জেরে গুরুতর আহত হন ওই ট্র্যাফিক সার্জেন্ট ও সার্ভে পার্ক থানার এএসআই। রাতেই চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল, শুক্রবার রাত দশটা নাগাদ মত্ত যুবকদের হাতে আক্রান্ত হন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের ট্রাফিক সার্জেন্ট সুমন কল্যাণ ঢাক এবং সার্ভে পার্ক থানার এএসআই এসকে পাত্র। জানা গিয়েছে, এদিন রাতে সন্তোষপুরের দিক থেকে অজয়নগর মোড়ের দিকে একটি বাইক আসছিল। সেইসময় সেখানে কর্মরত ট্রাফিক পুলিশ দেখেন যে বাইক চালক এবং পিছনে বসা আরোহীর মাথায় কোনও হেলমেট নেই।
তা দেখেই বাইকটি থামান পুলিশ কর্মী ও আইন অনুযায়ী ব্যবস্থা নেন। এর কিছুক্ষণ পরই ওই দুই যুবক তাদের এলাকা থেকে আরও ১০-১২ জনকে নিয়ে সেখানে যায়। সকলে মিলে পুলিশের উপর চড়াও হয় তারা।
এমন মারধরের ফলে ওই এএসআইয়ের হাত কেটে যায়। এরপরই চার হামলাকারীকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। এই ধৃতদের মধ্যে রয়েছে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা আদিত্য সাহা। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।






