‘৫০ শতাংশেরও বেশি মানুষ আমাদের ভোট দেন না’, সংগঠনকে মজবুত করতে মোদীর ‘বিজেপি জোড়ো’ প্রচার সহমত পোষণ দিলীপের

দিল্লিতে ছিল বিজেপির কার্যনির্বাহী বৈঠক। গতকাল, মঙ্গলবারই সেই বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে নানান বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরামর্শ দিয়ে মোদী বলেন যে কেন্দ্রীয় সরকারের নানান নীতিগুলি সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে আর এর জন্য জনসংযোগ বাড়ানো প্রয়োজন। আরও বেশি সংখ্যক মানুষ যাতে বিজেপির সঙ্গে যুক্ত হতে পারেন, এর জন্য ‘বিজেপি জোড়ো’ (BJP Jodo) প্রচার শুরু করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। এবার সেই বিষয় নিয়েই নিজের মতামত দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আজ, বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। দিল্লিতে বিজেপির বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “লোকসভার প্রস্তুতি চলছে। তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন যে-যে এলাকায় আমাদের পার্টি দুর্বল আছে সেখানে গিয়ে জনসাধারণের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। বুথ স্তর পর্যন্ত সেই কাজ চলছে। মন্ত্রী ও সমস্ত নেতারা এই কাজ করছেন”।

রাজ্যের পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, “পশ্চিমবঙ্গে পঞ্চায়েত প্রস্তুতি আমরা শুরু করেছি। আমরা যে মানুষের উপর দুর্নীতি হয়েছে,গরিব মানুষকে লুঠ করা হয়েছে, তাদের অধিকারের জন্য আমরা আন্দোলন করছি। সারা পশ্চিমবাংলার মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। এর ফলে তৃণমূলের নেতা মন্ত্রীরা বিক্ষোভের মুখে পড়ছেন”।

শাসক দলকে কটাক্ষ শানিয়ে মেদিনীপুরের সাংসদের বক্তব্য, “যারা এতদিন চুরি করে খাচ্ছিলেন ভাবছিলেন এরকম চলবে আজকে মানুষ চোখে চোখ রেখে কথা বলছে। মন্ত্রীদের সামনে মানুষকে মার খেতে হচ্ছে। রাস্তা অবরোধ হচ্ছে। প্রত্যেকটি তৃণমূলের এমএলএ এমপি আজ বিক্ষোভের মুখে পড়ছেন। এটা পশ্চিমবাংলার আজকের পরিস্থিতি। বিজেপি এটা করেছে, মানুষকে সাহস যুগিয়েছে”।

শুধু তাই-ই নয়, কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রার অনুকরণে ‘বিজেপি জোড়ো’ যাত্রার ডাক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন যাঁরা-যাঁরা এখনো বিজেপির সঙ্গে যুক্ত হননি, প্রায় ৫০ শতাংশের বেশি মানুষ আমাদের ভোট দেন না এখনও, তাদের কাছে পৌঁছতে হবে। তাঁরা মোদীজির কাজে খুশি আছেন। কিন্তু পার্টির সঙ্গে যুক্ত নন বা ভোটার হননি। তাঁদেরকে সংগঠনের সঙ্গে যুক্ত করতে হবে। ভোটার বানাতে হবে। পার্টিকে ব্যাপকভাবে বাড়াতে হবে যেমন আমরা গুজরাটে করেছি”।

আরও অন্যান্য খবর