‘দিদির দূত, নেতা-মন্ত্রীদের গ্রামে ঢোকা নিষেধ’, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের বিরুদ্ধে আন্দোলন গড়ে দেওয়াল লিখন মালদহের গ্রামে

কালের নিয়মে কত ভোট এসেছে আর গিয়েছে। শাসক দলের তরফে দেওয়া হয়েছে ঢালাও প্রতিশ্রুতিও। কিন্তু ভোট মিটতেই সেই প্রতিশ্রুতি আর পূরণ হয়নি। এবার তাই পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের দাবী নিয়ে আন্দোলন গড়ে তুললেন মালদহের মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দারা। নিজেদের বাড়ির দেওয়ালে লিখে দিলেন, “দিদির দূত, নেতা-মন্ত্রীদের এই পাড়ায় ঢোকা নিষেধ”।

এর আগে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে পুরাতন মালদহের মঙ্গলবাড়ির পাঁসি পাড়া। কারণ, সেখানকার রাস্তার বেহাল দশা। একাধিকবার রাস্তা সাড়াই ও ভালো রাস্তার দাবী জানিয়েছেন গ্রামবাসীরা। বিক্ষোভে ফেটে পড়েছেন তারা। তাতে প্রতিশ্রুতি মিলেছে বটে কিন্তু কাজের কাজ হয়নি।

সেই কারণে এবার পঞ্চায়েত ভোটের আগে কড়া পদক্ষেপ নিয়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই গ্রামের অধিকাংশ বাড়িতেই দেওয়াল লেখা হয়ে গিয়েছে। তবে ভোটের প্রচার নয়, দেওয়ালে লেখা, “দিদির দূত, নেতা-মন্ত্রীদের গ্রামে প্রবেশ নিষেধ”।

এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে মঙ্গলবাড়ি সংলগ্ন এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু নিজেদের অবস্থানে অনড় এলাকাবাসীরা। তাদের সাফ কথা, রাস্তা যদি না হয়, তাহলে তারা কারোর সঙ্গে দেখা করবেন না। আর কাউকে গ্রামে ঢুকতেও দেবেন না।

এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। কেনই বা রাস্তা এতদিনেও তৈরি হয়নি, সেই কারণও জানা নেই। তবে কারণ যাই হোক না কেন, মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দাদের এই আন্দোলনকে সমর্থন করেছে বিজেপি। তাদের কথায়, “দুর্নীতিগ্রস্তদের গ্রামে ঢুকতে না দেওয়াই উচিত”।

আরও অন্যান্য খবর