এর আগে মুসলিমদের (Muslims) পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার সেই একই সুর শোনা গেল মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) গলাতেও। ত্রিপুরায় প্রচারে যাওয়ার আগে মুসলিমদের জন্য বার্তা দিয়ে তিনি বললেন, “বিজেপি কোনওদিনই মুসলিম বিরোধী নয়, আমি চাই আমার মুসলিম ভাইবোনেরা ভাল থাকুক”।
সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আবার ত্রিপুরা ও মেঘালয়তেও রয়েছে নির্বাচন। ত্রিপুরা নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। আজ, শুক্রবার ত্রিপুরার উদ্দেশে রওনা দেন মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাদের। এদিন ত্রিপুরা যাওয়ার আগে মুসলিম সম্প্রদায়কে নিয়ে বার্তা দেন মিঠুন চক্রবর্তী।
এদিন মিঠুনকে প্রশ্ন করা হয় যে বিজেপির নতুন স্ট্র্যাটেজি কি সংখ্যালঘু ভোট নিজেদের দিকে টানা? এর উত্তরে মিঠুন বলেন, “কেন আবার একথা বলছেন? বিজেপি কবে সংখ্যালঘু বিরোধী ছিল? ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী। এটাকে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি মুসলিম বিরোধী নয়। বাংলার ‘হিন্দুস্থানি মুসলিম’দের কথা আমরা ভাবি। আমি চাই আমার পশ্চিমবঙ্গের মুসলমান ভাইবোনরা ভালো থাকুক”।
এদিন ত্রিপুরার ভোটের ফলাফল নিয়েও প্রশ্ন করা হয় মিঠুন চক্রবর্তীকে। এই বিষয়ে তিনি সাফ জানিয়ে দেন, “এটা আগাম বলা সম্ভব নয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা পালন করতে যাচ্ছি”।
অন্যদিকে আবার উত্তর-পূর্ব ভারতের যে তিন রাজ্যে নির্বাচন রয়েছে তার মধ্যে ত্রিপুরা ও মেঘালয়কে পাখির চোখ করেছে তৃণমূল। এই দুই রাজ্যে ভালো ফল করার আশা রাখছে ঘাসফুল শিবির। সেই কারণে প্রচারও চলছে জোরকদমে। দুই রাজ্যেই কর্মসূচি করছেন দলের শীর্ষস্তরের নেতারা। তারকা প্রচারক হয়ে সে রাজ্যে যাবেন দেব, মিমি, সায়ন্তিকা, নুসরত, রাজ, জুন মালিয়া ও অন্যান্য তারকা নেতা-নেত্রীরা।






