পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে চলবে অতিরিক্ত মেট্রো, মিলবে ঘনঘন পরিষেবা

এই মাসে শুরু হচ্ছে মাধ্যমিক ও পরের মাসে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর বার্ষিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো পরিষেবা। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শনিবার দু’টি মেট্রোর মধ্যে সময় ব্যবধান বেশি থাকে। কিন্তু পরীক্ষার জন্য এবার সেই সময়ের ব্যবধান কমছে বলে জানা গিয়েছে। শনিবার আবার অতিরিক্ত ৮টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে, ততদিনই এই পরিষেবা মিলবে বলেও জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

আগামীকাল অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ৪ মার্চ পর্যন্ত তা চলবে। আবার ১৪ই মার্চ থেকে শুরু হবে একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তা চলবে ২৭ তারিখ পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো ও বাড়ি ফেরার সুবিধার্থে ২৫ ফেব্রুয়ারি ও ৪-১৮-২৫ মার্চ মিলবে অতিরিক্ত মেট্রো।

জানা গিয়েছে, এই দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা অতিরিক্ত দু’জোড়া ট্রেন চলবে। আবার পরীক্ষা শেষে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত আরও অতিরিক্ত ২ জোড়া মেট্রো চলবে বলে জানিয়েছে।

এছাড়াও জানা গিয়েছে, পরীক্ষার দিনগুলিতে সকাল ৯টা থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত ৫-৬ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে এমন কোনও ব্যবস্থা করা হচ্ছে কী না তা এখনও স্পষ্ট নয়।

গতকাল, মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সমস্ত স্কুলে পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানান তিনি। এও জানা গিয়েছে যে দু’মাস আগে পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত ২৮৬৭টি স্কুলের মধ্যে মাত্র ২০০টি স্কুলে সিসিটিভি ছিল। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৯৫-তে। যে স্কুলগুলিতে সিসিটিভি লাগানো হয়নি, সেই স্কুলগুলিতে পরীক্ষার দিনগুলির জন্য সিসিটিভির ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা প্রশাসককে। মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে বলে জানান পর্ষদ সভাপতি।

RELATED Articles