হায় রে বাংলা! ধূম জ্বর নিয়ে গোটা রাত সরকারি হাসপাতালের মেঝেতেই পড়ে রইলেন পদ্মশ্রী প্রাপ্ত কমলি সোরেন, শুরু রাজনৈতিক তরজা

প্রবল জ্বর নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে (Maldah Medical College Hospital) ভর্তি হন মালদহের বাসিন্দা পদ্মশ্রী প্রাপ্ত কমলি সোরেন (Kamli Soren)। গত সোমবার ভর্তি হন তিনি। কিন্তু হাসপাতালে কোনও বেড (hospital bed) পান নি তিনি। এর জেরে গোটা রাত মেঝেতেই পড়ে থাকতে হয় তাঁকে। গতকাল, মঙ্গলবার থেকেই কমলি সোরেনের সেই হাসপাতালের মেঝেতে পড়ে থাকার ছবি ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হয় কমলি সোরেনের। এই কারণে গতকাল, মঙ্গলবার তাঁকে আইসিইউ-তে  স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পদ্মশ্রী প্রাপ্ত একজন মহিলা কেন এভাবে সারারাত হাসপাতালের মেঝেতে পড়ে থাকলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

২০২১ সালে পদ্মশ্রী পুরস্কার পান কমলি সোরেন। সমাজসেবার জন্য পদ্মশ্রী দেওয়া হয়েছিল তাঁকে। মালদহে একটি আশ্রম রয়েছে তাঁর। এলাকার মানুষরা কমলি সোরেনকে ‘গুরুমা’ বলেই চেনেন। বহু মানুষকে তিনি বিপদে সাহায্য করেছেন তিনি। আর সেই তাঁকেই হাসপাতালে সারা রাত মেঝেতে পড়ে থাকতে হল। আশ্রমের সদস্যরা একথা স্বীকার করেছেন।

এমএসভিপি পুরঞ্জয় সাহা বলেন, “বিষয়টা দেখছেন ডাক্তাররা। ওঁকে এখন আইসিইউ-তে রাখা হয়েছে, সেখানে তাঁর চিকিৎসা চলছে। সেই সময় বেড ছিল না বলেও জানিয়েছেন তিনি”।

এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। বিজেপি জেলা সভাপতি পার্থসারথি ঘোষ এই ঘটনা প্রসঙ্গে বলেন, “এটা শুধু মালদহের জন্য নয়, গোটা দেশের জন্য লজ্জাজনক বিষয়। একজন আদিবাসী মহিলা, যিনি পদ্মশ্রীর মতো পুরস্কার পেয়েছেন, যাঁর এত সমাজসেবার কাজ রয়েছেন, তাঁকে হাসপাতালে গিয়ে দালালচক্রের হাতে পড়তে হয়”। তিনি এও দাবী করেন যে মালদহ হাসপাতালে শুধুমাত্র বেড নয়, নানান বিষয়েই দালাল চক্র রয়েছে।

RELATED Articles