আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভিজবে বাংলা, কোন কোন জেলায় হবে বৃষ্টি? তাপমাত্রা কী ফের নামবে বঙ্গে?

রাজ্য থেকে শীত প্রায় বিদায় নিয়েছে বললেই হয়। আর এরই মধ্যে এবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল যে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

আজ বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল, বৃহস্পতিবার থেকে শুধু দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রাতের তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য কোনও বদল হবে না বলেই খবর।

বঙ্গে আবার দক্ষিণী বাতাসে ভর করে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় সকালের দিকে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এর জেরে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে বলে জানা গিয়েছে।

আবহবিদদের কথায়, দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনও গরম অনুভূত হবে শহরে। দিনে ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে কলকাতায়। আজ, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল্ম মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে উত্তর-পশ্চিম ভারতে এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। হরিয়ানা ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর জেরে আগামী দু-তিনদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

RELATED Articles