‘ও ইনোসেন্ট, ওকে ফাঁসিয়ে দিলাম, সব দোষ কুন্তলের’, স্ত্রী হৈমন্তীর জন্য হা-হুতাশ করছেন স্বামী গোপাল দলপতি

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। এই মামলায় অভিযুক্ত গোপাল দলপতি তথা আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তিনি। তবে এবার গোপাল দাবী করলেন যে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে হৈমন্তীর কোনও যোগাযোগ নেই। হৈমন্তী ‘ইনোসেন্ট’, এমনটাই দাবী তাঁর।

এই সংবাদমাধ্যমে গোপাল জানিয়েছেন যে তিনি পালিয়ে বেড়াচ্ছেন না বরং সেবির কাজের জন্য দিল্লিতে রয়েছেন তিনি। আর একথা সিবিআই আধিকারিকদের জানিয়েই গিয়েছেন তিনি। গোপাল জানান, এর মধ্যে হৈমন্তীর সঙ্গে তাঁর কথা হয়নি। তিনি বলেন, “ও কোথায় আছে জানি না। যোগাযোগ করতে পারছি না”। হৈমন্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এমনটা জানিয়ে গোপাল বলেন, “আলাদা থাকে। ডিভোর্সের প্রক্রিয়া পুরো চলছে”।

হৈমন্তীর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলার জন্য কুন্তল ঘোষকে তোপ দাগেন তিনি। তার ঘাড়েই সমস্ত দোষ চাপান গোপাল। গোপালের কথায় সিবিআই আধিকারিকদের সামনে মুখোমুখি জেরার সময় ফাইল দিয়েছিলেন তিনি। সেইসময় কুন্তল তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে ফেলে। সেখানে হৈমন্তীর নাম ছিল নমিনি হিসেবে। সেটাই দেখেই কুন্তল হৈমন্তীর নাম নিয়েছেন বলে দাবী গোপাল।

কুন্তলকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখার সুযোগ করে দেওয়ার জন্য নিজেকেই দুষছেন গোপাল। তিনি জানান, গতকাল, শুক্রবার হৈমন্তীকে নিয়ে টিভিতে প্রচারিত খবর দেখে তাঁর আক্ষেপ হয়েছে। ভেবেছেন, “এ কী হল। এক জন ইনোসেন্ট (নির্দোষকে) ফাঁসিয়ে দিলাম”।

গোপালের কথায়, “ও (কুন্তল) যা বলার বলুক। এত দিন ওর নাম মনে ছিল না। একটা নাম হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজেদের বিষয়গুলি চাপতে শুরু করে দিল”।

গোপাল এও বলেন যে হৈমন্তীর কোনও কোম্পানি, অফিস বা অ্যাকাউন্ট নেই। কিন্তু নির্দোষ হলে হৈমন্তী প্রকাশ্যে এসে সব কথা খুলে বলছেন না কেন? গোপালের জবাব, “বলবে বলবে। নিশ্চয়ই বলবে। আমিও চেষ্টা করব। বলব, যাও মিডিয়ার সামনে গিয়ে বলো”।

নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের কাছ থেকে প্রথম শোনা যায় গোপাল দলপতির নাম। কুন্তল অভিযোগ করেছিলেন যে নিয়োগ দুর্নীতির সব টাকা গোপালের স্ত্রী হৈমন্তীর কাছে রয়েছে। সেই হৈমন্তী আপাতত নিখোঁজ। তবে হৈমন্তীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দেন গোপাল।

RELATED Articles