সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। আর এর আগে রাজ্যের ইতিউতি মাথাচাড়া দিয়েছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল (TMC inner clash)। এই নিয়ে এবার দলের নিচুস্তরের কর্মীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, মঙ্গলবার দিঘার কর্মীসভা থেকে কড়া ভাষায় মমতা বলেন, “টিকিট না পেলে দয়া করে বিজেপির কথায় নির্দল হিসাবে দাঁড়িয়ে যাবেন না”।
এদিন মমতা স্পষ্ট জানিয়ে দেন যে পঞ্চায়েত স্তরে ভালো লোক প্রয়োজন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে দুর্নীতিমুক্ত ভাবধারাকেই প্রাধান্য দেওয়া হবে, তাও ভালোভাবে বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি বার্তা দেন গোষ্ঠীকোন্দল নিয়েও। মমতা জানিয়ে দেন যে দলের তরফে একটি কেন্দ্রে একজনকেই টিকিট দেওয়া হবে। যারা টিকিট পাবেন না, তারা যেন নির্দল না হয়ে যায়, তেমন বার্তাও উঠে আসে মমতার গলায়।
এদিন মমতা বলেন, “দলের টিকিট একজনকেই দেওয়া যায়। তাতে কেউ টিকিট না পেলে দয়া করে বিজেপির কথায় নির্দল হিসাবে দাঁড়িয়ে যাবেন না। সবাই টিকিট পাবে না। দল আপনাদের সবার জন্য কোনও না কোনও ব্যবস্থা করে দেবে। সেটা দলের দায়িত্ব”।
এদিন পষ্ট বার্তা দিয়ে মমতা বলেন যে টিকিট না পেলেও যোগ্য নেতাদের বঞ্চিত করা হবে না। একই সঙ্গে দলের উঁচু পদে থাকা কর্মীদেরও সতর্ক করে দেন তৃণমূল নেত্রী। দলের উঁচু পদে থাকা কর্মী সমর্থকদেরও যে এবার একটু হাঁটাচলা করতে হবে, তাও ঠারে ঠারে বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী।
গোষ্ঠীকোন্দল নিয়ে এর আগে বেশ ভুগেছে তৃণমূল। আর এর সবথেকে বড় উদাহরণ হল সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল। পুরসভার নির্বাচনে যেখানে বিরোধীরা তেমনভাবে দাঁত বসাতে পারে নি, সেখানে নির্দল বেশ ভুগিয়েছে তৃণমূলকে। অনেক পুরসভাতেই বিক্ষুব্ধ তৃণমূলী নির্দলরা উঠে আসে বিরোধী হিসেবে। সেই কারণেই এমন বার্তা তৃণমূল সুপ্রিমোর।






