‘দিদি-ভাইপো একা সব খাবে, তা হবে না’, ডিএ মঞ্চ থেকে প্রিয় ‘দিদি’কে আক্রমণ মমতার একসময়ের ছায়াসঙ্গিনী সোনাল গুহ’র

বেশ কিছুদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। সেভাবে বঙ্গ রাজনীতিতে দেখাই মেলেনি তাঁর। এবার ফের রাজনীতিতে ফেরত আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গিনী সোনালি গুহ। তবে তৃণমূলের হাত ধরে নয়, বরং তৃণমূলের বিপক্ষেই। আর এর শুরুটা হল মমতার বিরুদ্ধে ‘একা খাওয়ার’ অভিযোগ তুলে। আজ, শনিবার ডিএ আন্দোলন মঞ্চ থেকে মমতাকে আক্রমণ শানালেন সোনালি গুহ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গিনী হিসেবে তাঁর পরিচিতি ছিল। মমতার রাজনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ খুব কাছ থেকে সাক্ষী থেকেছেন তিনি। আজ, শনিবার ডিএ আন্দোলনের মঞ্চে সেই মমতারই পুরনো মন্তব্যকে পাথেয় করলেন সোনালি।

এদিন সোনালি বলেন, “মমতা দিদি একসময় নিজেই বলতেন, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরাও বলছি, দিদি তুমি আর ভাইপো একা খাবে। আমরা খাব না। তা হবে না”। সোনালি বলছেন, “রাজ্যের সব টাকা খেলা-মেলায় চলে যাচ্ছে। ডিএ হবে কী করে”।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পটভূমিতে সোনালি গুহ নামটাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মমতার ছায়াসঙ্গী বলা হত তাঁকে। তৃণমূল তৈরি হওয়ার শুরুর থেকেই ‘দিদি’র সঙ্গে ছিলেন সোনালি। তবে একুশের বিধানসভা নির্বাচনে ঘটে ছন্দপতন। সোনালিকে টিকিট দেওয়া হয়নি। আর এর জেরে অভিমান করে রাতারাতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

তব বিজেপিতে যোগ দিয়েও সেভাবে ভাগ্যের শিকে ছেঁড়ে নি তাঁর। সেভাবে রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। বেশ কিছু মাস পর বিজেপিতে যোগ দেওয়ার জন্য ক্ষমা চেয়ে মমতাকে চিঠি সেন সোনালি। কিন্তু লাভের লাভ হয়নি। তৃণমূলের তরফে কোনও যোগাযোগ করা হয়নি সোনালির সঙ্গে। ফলে রাজনীতি থেকে দূরেই সরে গিয়েছিলেন তিনি।

তবে এবার ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চান সোনালি। এতদিন অপেক্ষা করেছেন তৃণমূলের জন্য, কিন্তু এবার আর না। বিজেপিতেই ফিরতে চান তিনি, এমনটাই জানিয়ে সোনালি বলেন, “দিদি ডাকলেও আর তৃণমূলে ফিরব না”। সূত্রের খবর, বিজেপিতে ফেরার জন্য ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছেন সোনালি। আর তাঁর সক্রিয় রাজনীতিতে ফেরার পথটা হয়ত ডিএ মঞ্চ দিয়েই শুরু হল।

RELATED Articles