লোকসভা ভোটের আগের স্বাধীনতা দিবস। এদিন ঘড়ি ধরে ঠিক ৭টার সময় লালকেল্লায় পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ভাষণ দেন জাতির উদ্দেশে। নিজের ভাষণে তিনি জানিয়ে দেন, আগামী বছর তিনি ফের ১৫ই আগস্টের দিন লালকেল্লাত আসবেন বক্তৃতা দেওয়া জন্য। । ফের একবার দেশের মানুষের আশা, উন্নতি, সাফল্য নিয়ে কথা বলবেন।
এদিন কী বললেন মোদী?
প্রধানমন্ত্রীর কথায়, “২০১৪ সালে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে বিশ্বাসে বদলে দিয়েছি। কঠোর পরিশ্রম করেছি। দেশের জন্য করেছি। জীবনপণ করে তা করেছি। আগামী বছর ১৫ অগস্টের দিন, দেশের সাফল্য, আপনাদের সামর্থ্য ও উন্নতির কথা বলতে ফের এই লালকেল্লায় আসব”। অর্থাৎ নিজের এই বক্তৃতার মাধ্যমে প্রধানমন্ত্রী বুঝিয়েই দিলেন যে আসন্ন লোকসভা ভোটে ফের একবার তাঁর দলই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।
স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি হিন্দি ও ইংরেজিতে লিখেছেন, “আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক-অনেক অভিনন্দন। আসুন এই ঐতিহাসিক মুহূর্তে অমৃতকালের উদযাপনে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সংকল্প এবং তাঁদের লক্ষ্যকে সম্পূর্ণ করি। জয় হিন্দ”।
স্বাধীনতা দিবসের ভাষণে মোদী আরও বলেন, “আমি আপনাদের জন্য বাঁচি। আমার যদি স্বপ্ন আসে, তাহলে সেই স্বপ্ন আসে শুধু আপনাদের জন্য। আমার যদি ঘাম হয়, তাহলে আপনাদের জন্য হয়। কারণ, আপনারাই আমার পরিবার। আমি আপনাদের পরিবারের শরিক বলেই আপনাদের জন্য লড়াইয়ের জন্য সঙ্কল্পবদ্ধ”।
জাতির উদ্দেশে বক্তৃতায় এদিন মোদী বলেন, “২০৪৭ সালে দেশের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। এটা অমৃতকাল। এই কালখণ্ডের সবচেয়ে সোনালি সময় হল আগামী পাঁচ বছর। তাই আগামী পাঁচ বছর খেয়াল রাখতে হবে যে আমাদের সামান্যতম যেন ভুল না হয়। মনে রাখতে হবে যে, দেশের জন্য সবচেয়ে অশুভ হল তিনটি বিষয়— দুর্নীতি, পরিবারতন্ত্র ও তুষ্টিকরণ। এই তিন অশুভ শক্তির বিরুদ্ধেই আমাদের লড়তে হবে”।





