‘রাহুল গান্ধীকে ভালো লাগে, তৃণমূল না থাকলে ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার কথা ভাবতাম’, তৃণমূলের কারণেই ইন্ডিয়া জোটে ‘না’ নওশাদের

লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য নানান বিজেপি বিরোধী দলগুলি জোট বেঁধে তৈরি করেছে ইন্ডিয়া জোট। অনেক বিজেপি বিরোধী দলই রয়েছে এই জোটে। আগামী দিনে আরও অবিজেপি দল যোগ দিতে পারে এই জোটে, এমনটাই আশা জোটের। তবে আইএসএফ কী ভবিষ্যতে এই ইন্ডিয়া জোটে সামিল হবে? এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সময় দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে একটি খু’নের ঘটনায় নাম জড়িয়েছে নওশাদের। পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার হাটগাছার পানাপুকুরে অশান্তির ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীদের আক্রমণে রাজু নস্কর নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছিল। নিহতের জামাই ঋত্বিক নস্কর গত ১৬ জুন এবিষয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে খু’নের মামলা রুজু করা হয়েছিল।

এই ঘটনাতেই গতকাল, বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকিকে ডেকে পাঠানো হয় ভবানীভবনে। এর আগেও তাঁকে একবার তলব করে রাজ্যের তদন্তকারী সংস্থা। এদিন প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় নওশাদকে। বৃহস্পতিবার রাতে ভবানীভবন থেকে বেরিয়ে নওশাদ বলেন, “অফিসাররা ভালো, তবে সংখ্যায় খুব কম। আরও সিআইডি অফিসার নিয়োগ করার কথা ভাবা উচিত মুখ্যমন্ত্রীর”।

ইন্ডিয়া জোট নিয়ে কী বক্তব্য নওশাদের?

এদিনই তাঁকে প্রশ্ন করা হয় যে লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী দল হিসেবে কী আইএসএফ ইন্ডিয়া জোটে যোগ দেবে। উত্তরে নওশাদ জানান, এক্ষেত্রে বাধা একমাত্র তৃণমূল। ইন্ডিয়া জোটে যদি তৃণমূল না থাকত, তাহলে তিনি সেখানে যোগ দেওয়ার কথা ভেবে দেখতেন।

আইএসএফ বিধায়ক এও জানান, তিনি ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীকে খুব পছন্দ করেন। তাঁর কথায়, রাহুল যাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের বিরুদ্ধে তাঁর অনেক অভিযোগ রয়েছে। এখানে যে নওশাদ তৃণমূলের কথাই বলতে চাইলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের প্রতি বিরোধিতার কারণেই যে তিনি ইন্ডিয়া জোটে যোগ দিতে রাজি নন, তাও বেশ স্পষ্ট।

আরও অন্যান্য খবর