‘উড়িয়ে দেব তাজ হোটেল’, পাকিস্তানি হুমকি এল মুম্বই পুলিশের কাছে, কড়া তদন্তে পুলিশ, জারি হাই অ্যালার্ট

ফের এক ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কায় মুম্বই। গতকাল, বৃহস্পতিবার মুম্বই কন্ট্রোল রুমে ফোন আসে এক ব্যক্তির। সে জানায় যে দুই পাকিস্তানি নাকি তাজ হোটেল উড়িয়ে দেবে। সেই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে পুলিশ। এখনও পর্যন্ত আশঙ্কাজনক তেমন কিছু না মিললেও হাই অ্যালার্ট জারি রয়েছে শহরে।

ফোনে কী জানানো হয়?

মুম্বই পুলিশ সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার মুম্বই পুলিশের প্রধান কন্ট্রোল রুমে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করেন। তাঁর দাবী সমুদ্র পেরিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা করছে দুই পাক জঙ্গি। সমুদ্রপথেই মুম্বই পৌঁছবে তারা। ওই দুই পাক জঙ্গি শহরের বিখ্যাত তাজ হোটেল উড়িয়ে দেওয়ার লক্ষ্যেই মুম্বই আসছে। তিনি জানান যে তার নাম মুকেশ সিং। 

এই ফোন পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির আসল নাম জগদম্বা প্রসাদ সিং। উত্তরপ্রদেশের গোন্ডার বাসিন্দা তিনি। কী কারণে পুলিশের কাছে তিনি এমন হুমকি ফোন করলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা মুম্বই জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

২০০৮ সালের মুম্বই হামলার ক্ষত এখনও দগদগে

২০০৮ সালে মুম্বইয়ে যে জঙ্গি হামলা হয়, সেই ক্ষত এখনও দগদগে সকলের মনে। পাকিস্তান থেকে জলপথে মুম্বইয়ে ঢুকে ১০টিরও বেশি জায়গায় হামলা চালায় জঙ্গিরা৷ পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় রক্তে ভিজেছিল বাণিজ্যনগরী মুম্বই৷ ২৬ থেকে ২৯ নভেম্বর, টানা তিন দিন ধরে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৬৪ জন৷ আহত হন অন্তত ৩০৮ জন। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও ভুলতে পারে নি কেউই। সেই কারণেই এই পাক হুমকি মেলার কারণে ফের নতুন করে আশঙ্কার মেঘ জমেছে।

RELATED Articles