অবাক কাণ্ড! অনুব্রতর গড়ে দুর্গাপুজো উদ্বোধনে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্ষীণ হচ্ছে কেষ্টর প্রভাব?

মহালয়ার আগে থেকেই রাজ্যের নানান পুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোটের কারণে সশরীরে না হলেও ভারচুয়ালি সমস্ত পুজোর উদ্বোধন করেছেন তিনি। গত সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার ফের রাজ্যের এক পুজোর উদ্বোধনে আসছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।

কোথায় আসছেন তিনি?

আগামীকাল, শুক্রবার বীরভূম শ্যামাপ্রসাদ সারক সমিতির দুর্গাপুজো উদ্বোধন করবেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। সূত্রের খবর, এদিন সকাল ১০টায় অন্ডাল বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সোজা তিনি যাবেন বক্রেশ্বর মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে যাবেন তারাপীঠ মন্দিরে। সেখানেও পুজো দেওয়ার কথা রিয়েছে তাঁর।

এরপর সেখানে কোথাও একটা মধ্যাহ্ন ভোজন সারবেন মুখ্যমন্ত্রী। তারপর কিছুটা বিশ্রাম নিয়ে তিনি যাবেন বিকেল চারটে নাগাদ বিজেপি বীরভূম জেলা কার্যালয়ে। সেখানে চায়ের আসরে যোগ দেবেন প্রমোদ সাওয়ন্ত। এরপর বিকেল ৫টা নাগাদ উঠবেন মঞ্চে। পুজোর উদ্বোধন করবেন। এরপর সেখানে গরীবদের বস্ত্র বিতরণ করবেন তিনি।

এদিন সিউড়ির জোনাকি ক্লাবের পুজোতেও প্রমোদ সাওয়ন্ত উপস্থিত থাকবেন বলে খবর। সেখান থেকে চলে যাবেন আনন্দপুর সার্বজনীন পুজো মণ্ডপে। ওই পুজো মণ্ডপ থেকে সোজা যাবেন দুবরাজপুরের উদ্দেশ্যে। দুবরাজপুর শহরেও কটি পূজা মণ্ডপের  পুজোর উদ্বোধন করবেন গোয়ার মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে। এরপর সেখান থেকে রওনা দেবেন রানিগঞ্জের উদ্দেশ্যে। সেখানেও বেশ কিছু পুজোর উদ্বোধন করবেন প্রমোদ সাওয়ন্ত।

বীরভূম মূলত অনুব্রত মণ্ডলের গড় বলেই পরিচিত। তবে গরু পাচার মামলায় আপাতত তিহাড় জেলে বন্দি তিনি। গত বছরও পুজোয় থাকতে পারেন নি কেষ্ট। এই বছরও বন্দিদশাতেই পুজো কাটবে তাঁর। তাঁর অনুপস্থিতিতে তাঁরই গড়ে বিজেপি নেতার পুজোর উদ্বোধন নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে বৈ কী! একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, তাহলে কী বীরভূমে ধীরে ধীরে কেষ্টর প্রভাব কমছে?

আরও অন্যান্য খবর