ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উমার মর্ত্যে আসার আনন্দে মেতে উঠেছে গোটা বাঙালি জাতি। কলকাতা তো বটেই, গোটা বঙ্গের মানুষের উচ্ছ্বাসের অন্ত নেই। আর এর জেরে রাস্তায় নেমেছে মানুষের ঢল। এখন থেকেই মণ্ডপের বাইরে লম্বা লাইন। আজ সবে মহাপঞ্চমী, এখনও তো আসল দিনগুলো পড়েই রয়েছে।
দেবীর বোধন এখনও হয়নি। আগামীকাল, ষষ্ঠীতে হবে মা দুর্গার বোধন। তবে শহরের সমস্ত বড় বড় মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। মহালয়ার আগে থেকেই শুরু হয়েছে উদ্বোধন। এর জেরে মহালয়া থেকেই শুরু হয়েছে ঠাকুর দেখা। সময় বাঁচাতে এখন মানুষ বেছে নিচ্ছে মেট্রোপথ। আর এর জেরে প্রথমা বা দিতিয়া থেকেই ঠাসা ভিড় হচ্ছে মেট্রোতে। চতুর্থীতে সেই ভিড় রেকর্ড গড়ল।
মেট্রো সূত্রে খবর, গতকাল, বুধবার অর্থাৎ চতুর্থীর দিন বিকাল পাঁচটা পর্যন্ত কলকাতা মেট্রোয় ৪ লক্ষ ৫৫ হাজার মানুষের পা পড়েছে। তবে তৃতীয়ার দিন ভেঙে গিয়েছিল সমস্ত রেকর্ড। সেদিন নর্থ-সাউথ মেট্রো ব্যবহার করেছিলেন ৭ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন। এদিন গোটা দিনে ২৮৮টি মেট্রো চলেছিল। শেষবার এই রেকর্ড তৈরি হয়েছিল ২০২২ সালের ১ অক্টোবর। সে বছর ওই দিন ষষ্ঠী ছিল। ওইদিন মেট্রোতে পা পড়েছিল ৭ লক্ষ ২৪ হাজার ৯০০ মানুষের।
এই ভিড়ের জন্য সবথেকে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। আর পাঁচজন আমজনতার মতো তো আর তারা প্যান্ডেল হপিংয়ে বেরোচ্ছেন না। যাচ্ছেন কাজের জায়গায়। কিন্তু মেট্রোতে বা ট্রেনে এমন ঠাসা ভিড়ের কারণে দুর্ভোগ চরমে উঠেছে তাদের। কখনও ভিড়ের ঠেলায় প্রাণ ওষ্ঠাগত তো কখনও আবার অতিরিক্ত ভিড়ের কারণে মিস হয়ে যাচ্ছে মেট্রো। ফলে পৌঁছতে দেরি হচ্ছে কর্মস্থলে।
সকলের মুখে একটাই কথা, মহালয়ার সময় থেকেই যদি পুজোর উদ্বোধন করতে হয়, তাহলে অফিস-কাছারিগুলোও তখন থেকেই ছুটি ঘোষণা করা উচিত সরকারের। এমন ভিড়ের মধ্যে দিনের পর দিন ধরে নাকাল হতে হচ্ছে অফিসযাত্রীদের।
মহালয়ার আগেই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অফিসে তো কাজ ষষ্ঠী পর্যন্ত। সেখানে তো আর ছুটি নেই। মহালয়া থেকে ষষ্ঠী, এই গোটা এক সপ্তাহ অফিস যেতে মেট্রোর ভিড়ের জেরে চরম ভোগান্তি পোহাচ্ছেন অফিসযাত্রীরা। এতদিন আগে থেকেই যদি পুজোর উদ্বোধন করতেই হয়, তাহলে অফিসযাত্রীদের কথা মাথায় রেখে তাদেরও আগের থেকেই ছুটি দেওয়া উচিত ছিল বলে দাবী অফিসযাত্রীদের। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন আগামী বছর যাতে এই কথাটা মাথায় রেখেই পুজোর উদ্বোধনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার