‘বিরোধী দলনেতার কাজই করছি’, জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ষড়যন্ত্র’ তত্ত্বের পাল্টা জবাব দিলেন শুভেন্দু

রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পরই তাঁর মুখে শোনা গিয়েছে ষড়যন্ত্রের কথা। তাঁর কথায়, তিনি ষড়যন্ত্রের শিকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ভারতীয় জনতা পার্টি ষড়যন্ত্র করেছে, শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করেছেন। এবার তাঁর সেই দাবীর পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কী বললেন শুভেন্দু?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “ডাকাতিটা কে করেছে? এটা আমাদের প্রশ্ন। বিজেপি কি যড়যন্ত্র করেছে? বিরোধী দলনেতা তাঁর কাজ করেছেন। ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুটো বিরোধী দলনেতা ছিল। একটা কংগ্রেস, একটা সিপিএমের। ওই সময় আপনাদের সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। কারণ আপনারা সেটিং করে নিতেন। এখন বিজেপির বিরোধী দলনেতা আছে। তাই আমি আমার আওয়াজ তুলছি”।

শুভেন্দুর কথায়, “৬ কোটি লোক এই চাল আর গমের উপরে নির্ভর করছে। ভারত সরকার এ জন্য টাকা দিচ্ছে। তাহলে আপনারাই বলুন আমরা কী যড়যন্ত্র করেছি? আমরা এই চুরির প্রতিবাদ করেছি। তদন্তকারী সংস্থা নিরপেক্ষভাবে কাজ করছে। বাকিবুর রহমান যদি সব বমি করে ফেলে তার দায় কী বিজেপির”।

এরপরই মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন শুভেন্দু। এমনকি, তাঁকেও তদন্তের আওতায় আনার কথা বলেন তিনি। শুভেন্দুর কথায়, “ক্যাবিনেটের ভালো হলে সেটা যেমন মুখ্যমন্ত্রীর ক্রেডিট, তেমনই ক্যাবিনেটে দুর্নীতি হলে এর দায় তাঁর। তাই মুখ্যমন্ত্রীকে এই তদন্তের আওতায় আনার দাবি ভারতীয় জনতা পার্টি করছে”।

RELATED Articles