তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। তাঁর লেখা উপন্যাস ‘পথ হারাব বলেই’-এর গল্পের পটভূমিকা থেকেই তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘লহু’। ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাহুল মুখোপাধ্যায়। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় টলি অভিনেত্রী সোহিনী সরকার। তাঁর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে।
জানা গিয়েছে, সোহিনীকে দেখা যাবে মাওবাদী নেত্রীর চরিত্রে। গল্প অনুযায়ী, নদিয়ার একটি মফস্বলে আশ্রয় নেন এক মাও নেত্রী। তাঁর দলের সদস্যরাই তাঁকে আশ্রয় দেয়। সেখানেই ছদ্মবেশে থাকতে শুরু করেন ওই নেত্রী। অন্যদিকে পুলিশ তাঁকে খুঁজছে হন্যে হয়ে।
স্পেশাল ব্রাঞ্চের এক দুঁদে অফিসারকে সেই এলাকায় পাঠানো হয়। তিনি সেখানে ছদ্মবেশেই থাকতে শুরু করেন। তবে জেলে বন্দি থাকা বিপ্লবী বন্ধুদের থেকে মাও নেত্রী খবর পান যে পুলিশ তাঁর উপর নজর রাখছে। সেই কারণে অন্য জায়গায় সরে যেতে উদ্যোগী হন তিনি।
জানা গিয়েছে, আগামী ১৮ নভেম্বর থেকে এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হবে। কলকাতার পাশাপাশি শিলং সহ আরও নানান জায়গায় হবে শ্যুটিং। অভিনেত্রী সোহিনী সরকার জানিয়েছেন, ওয়েব সিরিজ়টি তৈরি হবে অ্যাকশন ও রোমাঞ্চেক সংমিশ্রণে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল ঘোষ জানিয়েছেন, তাঁর ‘পথ হারাব বলেই’ উপন্যাসের স্বত্ব কেনা হয়েছে। কিছু জায়গা বদল হলেও মূল বিষয়ই হল মাও নেত্রী ও পুলিশ অফিসারের কাহিনী। এক দিকে পুলিশ খুঁজে পেতে মরিয়া ওই ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেত্রীকে। আর নেত্রীও ছদ্ম পরিচয়ে থাকা পুলিশের থেকে পালাতে চেষ্টা করছেন।
কুণাল জানান, তিনি যখন জেলে ছিলেন, সেই সময় তিনি দেখেছেন জেলে বন্দি মাওবাদীরা কীভাবে জেলে থেকে কাজ করে। সেই ঘটনার উপর ভিত্তি করেই এই উপন্যাস লিখেছেন তিনি। জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।






