ফের নাটকে শাসকদলের রোষ, উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করল নবদ্বীপ পুরসভা, প্রতিবাদে সরব বিজেপি নেতা

ফের একবার নাটকে পড়ল কোপ। এবার স্থান নদিয়ার নবদ্বীপ পুরসভা। উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটক মঞ্চস্থ করার অনুমতি দিল না পুরসভা। বন্ধ করে দেওয়া হল ওই নাটক। এই নিয়ে ফের শুরু বিতর্ক। নাট্যবিদ ও বিরোধীদের দাবী, কণ্ঠরোধ করার জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে এই নাটক।

আগামী ২৩শে জানুয়ারি নবদ্বীপের রবীন্দ্র ভবনে এই ব্যারিকেড নাটকটি অভিনয় হওয়ার কথা ছিল। কিন্তু এই নাটকের সম্মতি দেয় নি নবদ্বীপ পুরসভা। নাটকের উদ্যোক্তাদের পুরসভার তরফে জানানো হয় যে এই নাটক মঞ্চস্থ করা যাবে না।

নাটক বন্ধের নেপথ্যে কী রাজনৈতিক কারণ?

ঠিক কী কারণে নাটক বন্ধ করা হল, তা এখনও স্পষ্ট করে জানায়নি নবদ্বীপ পুরসভা। চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের তরফেও কিছু জানানো হয়নি। এর আগে কল্যাণীর পৌরসভার এক নির্দেশিকা নিয়েও তৈরি হয়েছিল বেশ বিতর্ক। তবে কল্যাণী পৌরসভা পদ্ধতি মেনে সংবাদমাধ্যমকে এবিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছিল। কল্যাণী পৌরসভার জানিয়েছিল যে ওই একই দিনে ওই হলে একটি সরকারি অনুষ্ঠান ছিল। সেই কারণে ওই নাটক বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে এবার নবদ্বীপ পুরসভার তরফে এখনও পর্যন্ত কোনও কারণ দেখানো হয়নি।

ফের নাটকে শাসকদলের রোষ, উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করল নবদ্বীপ পুরসভা, প্রতিবাদে সরব বিজেপি নেতা

নাট্যবিদদের কী নত এই বিষয়ে?

বিশিষ্ট নাট্যবিদের মতে, “পৌরসভা কোনও কারণ না দেখিয়ে নাটক বন্ধের নির্দেশ দিল। বলে দিল ব্যারিকেড করা যাবে না। আমরা তো সত্যিই অসহায়। এইভাবে যদি একের পর এক ব্যারিকেড অভিনয় বন্ধ করে দেওয়া হয়, আমরা কী করব? আমাদের কী করণীয়? কত বছর আগে উৎপল দত্ত ব্যারিকেড নাটক লিখেছিলেন, কথাগুলো এতটাই প্রাসঙ্গিক এখন। একটা ফ্যাসিস্ট সরকার কীভাবে মানুষের কন্ঠরোধ করে, তা আমরা আজ বুঝতে পারছি”।

কী প্রতিক্রিয়া বিরোধীদের?

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, “২০১১ সালে পশ্চিমবঙ্গের মানুষ বাধ্য হয়ে এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসে। কিন্তু যে দলকে ক্ষমতায় নিয়ে আসে সেই দল রাজনীতির প্রাথমিক শর্ত বিরোধীদের অধিকারে বিশ্বাসই করে না। যে কোনও প্রতিবাদ, প্রতিরোধ এই সরকার মেনে নেয় না”।

অন্যদিকে, তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবী, “প্রতিহিংসার রাজনীতি তৃণমূল করে না। হয়ত কোনও সরকারি অনুষ্ঠান বা অন্য কোনও কারণে নাটকে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এই বিষয়টিকে যেভাবে দেখানো হচ্ছে, তা একেবারেই সঠিক নয়”।

RELATED Articles