আর দেওয়া হল না ভাইফোঁটা, ভাইয়ের সঙ্গে মিষ্টি কিনতে পথ দুর্ঘটনার বলি বোন, মিষ্টির রসে মিশল বোনের রক্ত

ভাইয়ের মঙ্গলকামনা করে বোনেরা ভাইয়ের কপালে দেন ভাইফোঁটা। ভাইকে যেন কোনও বিপদ ছুঁতেও না পারে, সেই প্রার্থনাই করেন তারা। কিন্তু ভাইয়ের মঙ্গলকামনা করার আগেই প্রাণ হারালেন বোন। ভাইয়ের সঙ্গেই যাচ্ছিলেন ভাইফোঁটার মিষ্টি কিনতে। ভাইফোঁটা আর দেওয়া হয় না। তার আগেই পথ দুর্ঘটনার বলি হলেন বোন।

কীভাবে ঘটল এমন দুর্ঘটনা?

ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। জানা গিয়েছে, মৃতার নাম রীতা সাউ। বয়স ২৫ বছর। ঝাড়খণ্ডের মহেশপুরের কানিঝাড়া গ্রামে বাপের বাড়ি তাঁর। মাড়গ্রামের ছোটোচৌকি গ্রামে তাঁর বিয়ে হয়েছে। আজ, ভাইফোঁটার দিন সকালে ভাইয়ের বাইকে চেপেই মিষ্টি কিনতে এসেছিলেন তিনি নলহাটি এলাকায়। কিন্তু ভাইফোঁটাই যে দেওয়া হবে না, তা স্বপ্নেও ভাবতে পারেন নি তিনি।

মিষ্টি কিনে নিয়ে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল রীতার। কিন্তু তার আগেই ভয়াবহ দুর্ঘটনা। নলহাটিতে ওই বাইকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে একটি ট্র্যাক্টর। বাইক ও ট্রাক্টরের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান রীতা ও তাঁর ভাই দু’জনেই। কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় রীতার।

এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় সেখানে। তড়িঘড়ি রীতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দিদির এমন মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন ভাই। তিনি জানান, তিনি এই বছর দিদির শ্বশুরবাড়ি গিয়েছিলেন ফোঁটা নেওয়ার জন্য। কিন্তু দিদি চেয়েছিল বাড়ি যেতে। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি আর ফেরা হল না তরুণীর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর