উৎসবের মরশুম মোটামুটি শেষ। এবার বঙ্গে দুর্যোগের মরশুম শুরু হওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। অতি গভীর নিম্নচাপ আসছে বাংলার দিকে। এর জেরে উপকূলের এলাকায় দুর্যোগ ঘনাচ্ছে। সুন্দরবনে এর প্রভাব পড়বে বেশি।
কী জানাচ্ছে হাওয়া অফিস?
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল এই নিম্নচাপ আরও শক্তি বাড়বে। এরপর তা ওড়িশা-বাংলা উপকূলের কাছে পৌঁছবে। এই নিম্নচাপ স্থলভাগে ঢোকার আগে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কী না, তা এখনও স্পষ্ট নয়। দুর্যোগের পূর্বাভাসে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবনের বাঁধগুলির ওপর নজর রাখা হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই উপকূলে দমকা বাতাস বইবে। ১৯ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার দুই ২৪ পরগনা নিম্নচাপের মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হাওড়া ও হুগলিতে হালকা বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
নিম্নচাপের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলে পাকা ধান নষ্ট হতে পারে। আবার শীতের সবজি পচে যাওয়ার আশঙ্কা রিয়েছে বৃষ্টির জেরে। এই সময় মাটি ভিজলে আলু চাষও পিছিয়ে যেতে পারে। আবার আগামীকাল, বৃহস্পতিবার ইডেনে বিশ্বকাপ সেমিফাইনাল রয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে। বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তে যাবে না তো? তা নিয়েও দানা বেঁধেছে আশঙ্কা।
গতকাল, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার ভাইফোঁটার দিনেও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস মতো।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!