মেট্রো সম্প্রসারণের জন্য কাটা যাবে না ময়দানের গাছ, মেট্রো প্রজেক্ট মামলায় সাফ জানিয়ে দিল হাইকোর্ট

মেট্রো প্রকল্পের জন্য গাছ কাটার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে। আজ, শুক্রবার সেই মামলারই শুনানি ছিল আদালতে। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানায় যে মেট্রো প্রকল্পের প্রয়োজন অবশ্যই রয়েছে। কিন্তু এর সঙ্গে ভারসাম্যও বজায় রাখতে হবে। কোনও কিছুর জন্যই কলকাতার ফুসফুসে কোপ বসানো যাবে না।

কী জানান এদিন প্রধান বিচারপতি?

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন বলেন, “মেট্রো রেল প্রয়োজন, এটা অনস্বীকার্য। কিন্তু ভারসাম্য বজায় রাখতে হবে। ময়দান হল শহরের বড় ফুসফুস”। এদিন প্রধান বিচারপতি এও জানান যে মামলাকারী সংগঠন যেন এই মামলাকে লড়াইয়ের জন্য না নেয়। তিনি বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি জলের তলায় প্রথম মেট্রো এখানেই”।

মামলাকারী সংগঠনের অভিযোগ, কলকাতায় যতটা গাছ লাগানো উচিত, তার ৩০ শতাংশ হচ্ছে মোটে। এদিনের এই শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সেই কথাও তোলেন। তাঁর কথায়, ৩০ শতাংশেরও কম নতুন গাছ লাগানো হচ্ছে শহরে।

তবে এদিন প্রধান বিচারপতি এও স্পষ্ট করে দিয়েছেন যে মেট্রো প্রকল্প কিন্তু বন্ধ করা হচ্ছে না। হাইকোর্টের পর্যবেক্ষণ, অনুমতি ছাড়া কোনও গাছ কাটা যাবে না। ডিভিশন বেঞ্চ জানায়, গাছ কাটতে গেলে সেনার অনুমতি লাগবে। এদিনের এই শুনানিতে চিফ কনজারভেটিভ ফরেস্টকে এই মামলায় যুক্ত করা হয়েছে।

এদিন স্বেচ্ছাসেবী সংগঠন জানায় যে এখনও পর্যন্ত নতুন করে গাছ বসানোর কাজ শুরু হয়নি। এদিন প্রধান বিচারপতি জানান, এই বিষয়ে কলকাতা পুরসভার ভূমিকা ঠিক কী! যেহেতু কাছেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই কারণে এই মামলায় হেরিটেজ কমিশনের বক্তব্যও জানতে চেয়েছে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৯শে ডিসেম্বর।

আরও অন্যান্য খবর