‘রসগোল্লা নেই কেন’? শেষপাতে রসগোল্লা না পাওয়ায় ধুন্ধুমার কাণ্ড বিয়েবাড়িতে, অতিথিদের মধ্যে মারপিটের জেরে আহত ৬

বিয়েবাড়িতে কত ধরণের কত ঘটনা ঘটতে দেখা যায়। পাত্রপক্ষ, কনেপক্ষের মধ্যেও ঝামেলা ঘটে। কখনও পণ নিয়ে তো কখনও আবার অন্য কোনও ঘটনা নিয়ে ঝামেলা। এবার এক বিয়েবাড়িতে মিষ্টি নিয়ে হয়ে গেল এক ধুন্ধুমার কাণ্ড। বিয়েবাড়িতে শেষ পাতে রসগোল্লা না পাওয়ায় মারপিট শুরু করলেন নিমন্ত্রিত অতিথিরা।  

কী ঘটেছে ঘটনাটি?

এই ঘটনাটি উত্তরপ্রদেশের আগরার শামসাবাদ থানা এলাকার। জানা গিয়েছে, গত রবিবার রাতে সেখানে একটি বিয়েবাড়িতে বেশ গণ্ডগোল বাঁধে। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কী নিয়ে ঝামেলা?

এই ঘটনা প্রসঙ্গে এসএইচও অনিল শর্মা জানিয়েছেন, রবিবার রাত ১২টার পর বিয়েবাড়ির অনুষ্ঠানে ঝামেলা শুরু হয়। অতিথিদের মধ্যে কেউ কেউ রসগোল্লা খেতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে রসগোল্লা শেষ হয়ে গিয়েছিল। রসগোল্লা না পেয়েই ঝামেলা শুরু করেন অতিথিরা।

এক অতিথি প্রশ্ন তোলেন “রসগোল্লা এত কম কেন”? আর এরপরই এই নিয়ে শুরু হয়ে যায় বচসা। তা একসময় হাতাহাতিতে পৌঁছয়। এর জেরে বিয়েবাড়ির দু’পক্ষের ৬ জন আহত হন। খবর যায় পুলিশে। পুলিশ এসে আহতদের হাসপাতালে ভর্তি করে।

পুলিশ সূত্রে খবর, আহতরা হলেন ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাস, ধর্মেন্দ্র এবং পবন। এরা সকলেই বর ও কনে পক্ষের আত্মীয়। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা কাদের উপর আক্রমণ করল? কারা প্রথমে গায়ে হাত তুলল, তা নিয়ে বিয়েবাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles