নিয়োগ দুর্নীতির জেরে বর্তমানে জেলবন্দি শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক, আমলারা। এই নিয়ে রাজনৈতিক শোরগোল অব্যাহত রাজ্যে। কিন্তু এই দুর্নীতির জাল যে কোথায় কোথায় বিস্তৃত, সেই খবর এখনও অজানা। ফের সরকারি চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল।
সরকারি চাকরির টোপ দিয়ে হাতানো হয় লক্ষ লক্ষ টাকা। বড়সড় এই আর্থিক প্রতারণার খোঁজ মিলল কলকাতাতেই। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি চাকরির টোপ দিয়ে আত্মসাৎ করা হয় ৩০ লক্ষ টাকা। এমনকি, ভুয়ো নিয়োগপত্রও তৈরি করা হয় বলে অভিযোগ।
যে দুই প্রতারককে এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে, তারা হল প্রকাশ চন্দ্র বোস ওরফে সোনা ও সায়ন্তন দাস ওরফে বুম্বা। গত মঙ্গলবার রাতে কলকাতার গোয়েন্দা বিভাগের প্রতারণা দমন শাখার আধিকারিকরা দুই প্রতারককে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জানান এক মহিলা। তাঁর অভিযোগ, সরকারি চাকরি দেওয়া হবে বলে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর জন্য নেওয়া হয়েছিল ৩০ লক্ষ টাকাও। নিয়োগপত্রও দেওয়া হয় বলে জানান ওই মহিলা। কিন্তু পরে তারা জানতে পারেন যে সেই নিয়োগপত্র ভুয়ো।
এই নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। জানা গিয়েছে, বুম্বা ও সোনা তাদের সাড়ে তিন লক্ষ টাকা নগদ ফেরত দেয়। আর বাকি সাড়ে ২৬ লক্ষ টাকার চেক দেওয়া হয়। কিন্তু পরে জানা যায় সেই চেকটিও ভুয়ো। সেই চেক থেকে কোনও টাকা মেলেনি।
এরপরই পুলিশের দ্বারস্থ হন প্রতারিতরা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই প্রতারককে। এই দুই ধৃতকে আদালতে তোলা হয়েছে। তাদের আগামী ২ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।





