‘মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল, কলঙ্ক চাপানোর পর্ব ভুলব না’, গ্রেফতারির ১০ বছরের পূর্তিতে বিস্ফোরক কুণাল

আজ থেকে ঠিক ১০ বছর আগ আজকের দিনেই গ্রেফতার হয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সারদা মামলায় তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সেই সময় কুণাল তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন। তাঁর গ্রেফতারিতে তোলপাড় হয় গোটা রাজ্য।

সেই ঘটনার দশ বছর কেটেছে। কুণালের জেল হেফাজত, জেলের মধ্যে তাঁর আ’ত্ম’হ’ত্যার চেষ্টা, প্রিজন ভ্যান থেকে অনেক কিছু বলতে চাওয়া, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কিছু বলতে চাওয়া, এমন অনেক নাটকীয় ঘটনা ঘটে সেই সময়।

গ্রেফতারির দশ বছরের পূর্তিতে বিস্ফোরক কুণাল

আজ, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল লেখেন, “ঠিক দশ বছর আগে আজকের তারিখে বিনা দোষে চক্রান্তমূলকভাবে আমাকে গ্রেফতার করা হয়েছিল। অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব। ঈশ্বরের আশীর্বাদে এখনও আছি। মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি। জীবনযুদ্ধে লড়ছি। সাংবাদিকতা, লেখালিখি, রাজনীতিতে আছি, লড়াই করছি। রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে”।

কেন তৃণমূলেই রয়ে গেলেন কুণাল?

গ্রেফতার হওয়ার পর কুণাল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলেন। এমনকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন। তবে এরপর জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর পুরনো দলে ফিরে আসা আর  দলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া গোটা রাজ্যকেই অবাক করে দেয়। এই নিয়ে নানান প্রশ্নের মুখেও পড়তে হয় কুণালকে।  

এদিন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দিয়েই কুণাল লেখেন, “আমার এবং আমার ঘনিষ্ঠদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবে না। আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে মন থেকেই দলটা করে এসেছি, আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এম এল এ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তারপর জীবন যেভাবে বলবে, সেইভাবে চলব”।

কুণাল পোস্টের শেষে এও লিখেছেন, “গ্রেফতারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর পর্ব ভুলিনি, ভুলব না”।

কুণালের এই পোস্টের বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন বলেন, “এই কথাগুলো অর্থহীন। যাঁরা ওঁকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন, এখন তাঁদের সঙ্গেই কুণালের ওঠাবসা। ওঁর এই পোস্টের ভাল উত্তর তৃণমূলই দিতে পারবে”।

আরও অন্যান্য খবর